২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দশ উইকেট হেরেছে টাইগাররা

সোফিয়া গার্ডেনে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেটে হারের শোধটা ভালোভাবেই নিয়ে নিল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অল রাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের মারাত্মক বোলিংয়ের মুখে ১৩৯ রানেই গুটিয়ে যায় টইগারদের ইনিংস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

পরে কোন উইকেট না হারিয়ে ১৪০ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দশ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পন্টিং বাহিনী।

মাত্র ১৯ ওভারেই জয় তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই ওপেনার ম্যথু হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্ট ৬৬ রান করে সংগ্রহ করেন। সাইমন্ডস করেন ক্যারিয়ার সেরা বোলিং। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ স্কোরার মোহাম্মেদ আশরাফুলের উইকেটটিসহ মাত্র ১৮ রান খরচায় পাঁচ উইকেট তুলে নেন সাইমন্ডস। স্পিনার ব্রাড হগ ২৯ রানে নেন তিন উইকেট।

সকালে টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। ১৩ রানে ওপেনার জাভেদ ওমর এবং ২৩ রানে তুষার ইমরানকে হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ আশরাফুল এবং আরেক ওপেনার শাহরিয়ার নাফিস ৯০ রানের পার্টনারশীপ গড়ে তোলেন। মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে ৫৮ রানের একটি ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। অন্যদিকে ইংল্যান্ড সফরে ব্যর্থ শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে আসে ৪৭ রান।

কিন্তু মিডল অর্ডারে আবার সেই পুরনো চেহারায় ফিরে গেছে টাইগারদের ব্যাটিং লাইন আপ। তৃতীয় উইকেট জুটির পর আর কোন কার্যকর জুটি গড়ে তুলতে ব্যর্থ হন বাংলাদেশের ব্যাটসম্যারা। একের পর এক উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে বলা যায় আত্মাহুতি দিয়েছেন তারা।

কাঁধের ইনজুরি থেকে ফিরে আসা ফাস্ট বোলার ব্রেট লি জাভেদ ওমরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এবং তুষার ইমরানকে কট বিহাইন্ড করে ধ্বংসযজ্ঞের সূচনা করেন। কিন্তু দুই উইকেট পেলে কি হবে আশরাফুল বেধড়ক পেটাতে থাকেন লিকে। লি’র এক ওভারেই ২০ রান তুলে নেন আশরাফুল।

অশরাফুলের আউটের পর অ্যান্ড্রু সাইমন্ডস বোরিংয়ে এসেই টপাটপ উইকেট তুলে নিতে থাকেন। শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিও যায় তার ঝুলিতে।

১৪০ রানের সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার হেইডেন ও গিলক্রিস্ট বাংলাদেশের বোলাদের সব আক্রমনকে ভোঁতা করে দিয়ে মাত্র সোয়া ঘন্টাতেই কোন উইকেট না হারিয়ে জয় তুলে নেয়।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ-১৩৯/১০, ৩৫ দশমিক ২ ওভার (আশরাফুল ৫৮, শাহরিয়ার নাফিস ৪৭, সাইমন্ডস ৫/১৮, হগ ৩/২৯, লি ২/৩৬)।

অস্ট্রেলিয়া-১৪০/০, ১৯ ওভার (গিলক্রিস্ট ৬৬, হেইডেন ৬৬)।