পাকিস্তানি বোলারদের ভারতে প্রশিক্ষণ গ্রহনের প্রয়োজন নেই-ইনজামাম
অস্ট্রেলিয়ান বোলিং গ্রেট ডেনিস লিলি পরিচালিত চেন্নাইয়ের এমআরএফ পেস একাডেমিতে পাকিস্তানি বোলারদের প্রশিক্ষণের জন্য পাঠানোর সিদ্ধান্তটা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু খোদ পাক ক্রিকেট অধিনায়ক ইনজামাম উল হক পিসিবি’র এই সিদ্ধান্তের বিরোধীতা করছেন। খবর বার্তা সংস্থার।
ইনজির মতে, পাকিস্তানের উদীয়মান ফাস্ট বোলারদের নিয়ে কাজ করার মত অনেক বিখ্যাত ফাস্ট বোলার রয়েছেন দেশে।
লাহোরে ক্রীড়া সাংবাদিকদের সাথে আলাপকালে ইনজামাম বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় পাকিস্তান অনেক বেশি মানসম্পন্ন ফাস্ট বোলারের জন্ম দিয়েছে। উঠতি বোলাদের প্রশিক্ষণ দেয়ার জন্য ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসের মত গ্রেটদের সহযোগিতা নেয়া যেতে পারে।’
পাকিস্তানি অধিনায়ক বলেন, আমাদের নিজস্ব ক্রিকেট একাডেমি রয়েছে। অন্য দেশের বোলাদের এখানে প্রশিক্ষণের জন্য নিয়ে আসাই হবে ইতিবাচক।’
ওয়েস্ট উইন্ডিজ সফরের আগে দলে একজন বোলিং কোচ অর্ন্তভুক্তের প্রতি জোর দেন ইনজি। এ ব্যাপারে অধিনায়কের মন্তব্য হচ্ছে, ‘দলের বেশিরভাগ বোলারই নতুন এবং তাদের দক্ষতা বাড়ানোর জন্য একজন বোলিং কোচ খুবই প্রয়োজন। ক্যারিবিয়ান সফর শেষে দেশে ফিরে এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন পাক অধিনায়ক ইনজামাম।
