আবারও বোকা জুনিয়ার্সে ফিরছেন ম্যারাডোনা
দিয়াগো ম্যারাডোনা আবারও বোকা জুনিয়র্সে ফিরছেন। তবে মাঠ কাপানো মিডফিল্ডার হিসেবে নয়। এবার আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে তাকে দেখা যাবে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তিনি ক্লাবের ফাস্ট ডিভিশন রোস্টার পরিচালনা করবেন।
বুধবার ক্লাবের প্রেসিডেন্ট মার্সিও ম্যাকরি এ ঘোষণা দেন। ম্যারাডোনা তার দায়িত্ব শুরু করবেন ১ আগস্ট থেকে।
বিশ্বখ্যাত এই ফুটবলার তার ক্যারিয়ার শুরু করেছিলেন বোকা জুনিয়র্স থেকেই। কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার হাত ধরে ক্লাবটি এ বছরের খারাপ অবস্থা কাটিয়ে উঠবে বলে আশা করছে ক্লাবের সমর্থকরা।
ম্যাকরি জানান, খেলোয়াড়দের ট্রান্সফারের ব্যাপার, খেলোয়াড়দের পর্যায় তালিকা, দলের সাথে বিদেশ গমন এবং মূল কোচকে যথাসাধ্য সাহায্য করাই হবে ম্যারাডোনার মূল কাজ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ম্যারাডোনা বলেছেন, তিনি বোকা জুনিয়র্স ক্লাবের কোচ হিসেবে আলফিও বাসিলিকে সর্মথন করেন। ১৯৯৪ সালের বিশ্বকাপে আলফিও আর্জেন্টাইন শিবিরের নেতৃত্ব দিয়েছিলেন। তবে ম্যাকরি বলেন, কোচ পদের জন্য আরও অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছে, যাদের মধ্যে সাবেক আর্জেন্টাইন কোচ বিয়েলসাও আছেন।
