ব্রাজিল-জাপান ম্যাচ ড্র, সেমিফাইনালে ব্রাজিল
কনফেডারেশন কাপ ফুটবলের জাপান-ব্রাজিল ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ফলে গ্রুপ রানার্সআপ হয়ে শনিবার সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল।
বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে এক গোল এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে ব্রাজিল। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় ব্রাজিলের রবিনহো প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। অবশ্য এর আগে জাপান ১ টি গোল করলেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়।
খেলার ২৭ মিনিটের মাথায় জাপানের সানসুকি নাকামুরা অসাধারণ একটি গোল করে সমতা ফিরিয়ে আনেন। অবশ্য জাপানিদের এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
খেলার ৩২ মিনিটের মাথায় ব্রাজিলের অধিনায়ক রোনালদিনহো চমৎকার একটি গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যায়। এরপর দু’দলই গোলের অনেকগুলো সূযোগ পেলেও কেউই কাজে লাগাতে পারেনি।
খেলা শেষ হওয়ার মাত্র ২ মিনিট আগে জাপানের বদলি খেলোযাড় অগুরো মাশাই গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। ম্যাচ ড্র হলেও গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে যায় ব্রাজিল।
শনিবার নুরেমবার্গে তারা গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে।
