মোহামেডান-ব্রাদার্স ম্যাচ ড্র, মোহামেডানের শীর্ষস্থান অক্ষুন্ন
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বুধবার মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।
এই ড্রয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে সাদাকালো শিবির। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়নও তালিকায় দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে।
ম্যাচের চিত্র দেখে মনে হয়েছে শিরোপা প্রত্যাশী দু’টি দলই নিজেদের বর্তমান অবস্থান ধরে রাখতে বদ্ধপরিকর। কারণ ম্যাচের বিশরভাগ সময়ই দু’দলের খেলোয়াড়দের বল নিয়ে মাঝমাঠে অহেতুক ছোটাছুটি করতে দেখা গেছে। পয়েন্ট খোয়ানোর ভয়ে দু’দলই প্রথম থেকে রক্ষনাত্মক ভঙ্গিতে খেলেছে। ফলে মাঠে উপস্থিত প্রায় পাঁচ হাজার দর্শক ভগ্ন হৃদয়ে ঘরে ফিরে গেছে।
স্ট্রাইকার আলফাজ ও ডোনাল্ডবিহীন মোহামেডান রক্ষনাত্মক খেলবে এটা ধরেই নেয়া হয়েছিল। ম্যাচে অবশ্য তারা সেটাই করেছে এবং আক্রমনও চালিয়েছে। কিন্তু পূর্নশক্তির ব্রাদার্স ইউনিয়ন হিশাম ইনানী, লিটন ও মনোয়ারের সহযোগিতায় মাঝমাঠের দখল নিয়ে নিলেও তিন স্ট্রাইকার এডোয়ার্ড, খোকন আর বদলী এমিলিকে কোন কার্যকর বলের যোগান দিতে ব্যর্থ হয়েছেন।
বিপরীতে স্থানীয় তিন ডিফেন্ডার কামাল, নজরুল আর হাসানের সাথে নাইজেরিয়ান পিটার ওদাফকে নিয়ে মোহামেডান প্রতিরোধের যে শক্ত দেয়াল গড়ে তুলেছিল প্রতিপক্ষ ব্রাদার্সের স্ট্রাইকারা তা ভেদ করতে পারেন নি।
২১ মিনিটে ব্রাদার্স আক্রমন চালায়। কিন্তু মনোয়ারের ফ্রি কিক করা বলে খোকন মাথা ছোঁয়াতে সক্ষম হলেও বল মোহামেডানের গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। বিরক্তিকর প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মোহামেডান তিনটি জোরালো আক্রমন চালালেও একটিও সফলতার মুখ দেখেনি।
৫৫ মিনিটে মঞ্জুর একটি হেড ব্রাদার্সের গোলপোস্টে লেগে ফিরে যায়। ৬৭ মিনিটে ডান দিক থেকে পরিবর্তিত অধিনায়ক ফয়সাল মাহমুদের ক্রস থেকে বল পেলেও ফাঁকা পোস্টে গোল করতে ব্যর্থ হন মঞ্জু। ৬৮ মিনিটে আরেকবার ব্রাদার্সের ফাঁকা গোলপোস্ট মিস করেন জাহিদ।
হলুদ কার্ড: মাহমুদ হাসান (মোহামেডান)।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: বিপ্লব, পিটার, নজরুল, হাসান, কামাল, রনি (মিন্টু), আরমান আজিজি, আসাদ, মুন্না (খোকন), ফয়সাল ও মঞ্জু (জাহিদ)।
ব্রাদার্স ইউনিয়ন: তারেক, মাসুদ (শুভ্র), জুয়েল, সিরাজি, পারভেজ, ইনানী, এডোয়ার্ড (তপু), মনোয়ার, লিটন, খোকন (এমিলি) ও সুজন।
