২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশন ফুটবলে বুধবার ব্রাদার্স-মোহামেডান বড় ম্যাচ

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বুধবার আরেকটি বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে লিগের শীর্ষ দল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

চলতি মৌসুমে দু’দলের এটা দ্বিতীয় সাক্ষাত। স্বাধীনতা কাপ ফুটবলে প্রথম সাক্ষাতে ব্রাদার্স এক গোলে মোহামেডানকে হারিয়েছিল।

লিগে এখন পর্যন্ত অপরাজিত মোহামেডান স্পোর্টিং ক্লাব পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। বলাই বাহুল্য, বুধবারের ম্যাচটি দু’দলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে পরিনত হচ্ছে।

শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে আগের ম্যাচে স্ট্রাইকার আলফাজ বিহীন মোহামেডান ম্যাচের মাঝখানে আরেক স্ট্রাইকার সিয়েরালিয়নের ডোনাল্ডকে হারিয়েও কষ্টার্জিত এক জয় পায়। তবে বাকি চারটি ম্যাচের মধ্যে জোসি বাহিনী তিনটিতেই সহজ জয় ছিনিয়ে নেয় এবং চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর সাথে ড্র করতে সক্ষম হয়।

মোহামেডান সমর্থকদের জন্য খারাপ খবর হচ্ছে স্ট্রাইকার আলফাজ ও ডোনাল্ড বুধবারের ম্যাচটি মিস করছেন। তবে ডিফেন্স লাইনের দুর্বলতা কাটানোর জন্য টিম ম্যানেজমেন্ট নাইজেরিয়ান ডিফেন্ডার প্যাটট্রিককে দলভুক্ত করায় কিছুটা হলেও দুঃশ্চিন্তা কমেছে মোহামেডান শিবিরের। নজরুল, কামাল এবং হাসানের সাথে জোট বেঁধে মোহামেডানের ডিফেন্স আগলাবেন প্যাটট্রিক। হাসান অবশ্য আগের ম্যচ খেলতে পারেননি সাসপেনশনের কারণে।

নির্ভরযোগ্য দুই স্ট্রাইকারকে ম্যাচে না পেলেও বুধবারের ম্যাচের ব্যাপারে পজিটিভ কোচ জোসি। জোসির বক্তব্য হচ্ছে-‘মোহামেডানের মত দল সবসময় জয়ের জন্যই খেলে। আলফাজ আর ডোনাল্ড না থাকলেও বাকিদের নিয়ে ব্রাদার্সকে হারাতে সক্ষম মোহামেডান।’

অন্যদিকে কোনরকম ইনজুরি আর সাসপেনশন ছাড়াই মাঠে নামবে চ্যাম্পিয়ন ব্রাদার্স। ইনজুরির কারণে আরামবাগের বিরুদ্ধে ম্যাচটি মিস করা ডিফেন্ডার মাসুদ রানা ও মরোক্কান প্লেমেকার হিশাম ইনানীর দলে ফেরা নিশ্চিত। পরপর চার ম্যাচ জয়ের পর পঞ্চম ম্যাচে আরামবাগের বিরুদ্ধে হেরে যায় গোপীবাগের দলটি। তারপরও মোহামেডানকে হারিয়ে বড় ম্যাচ জয়ের স্বাদ নিতে মুখিয়ে আছে চ্যাম্পিয়নরা।

ব্রাদার্সের কোচ ওয়াজেদ গাজীর মুখেও উচ্চারিত হয়েছে সেই সংকল্প। প্রবীন এই কোচ বলেন, আরামবাগের বিরুদ্ধে পয়েন্ট খোয়ানোর পর মোহামেডানকে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরতে চাই।

বুধবারের ম্যাচ সম্পর্কে গাজীর মন্তব্য হচ্ছে-প্রতিপক্ষ যেহেতু মোহামেডান, তাই ছেলেদের কঠোর পরিশ্রম করতে হবে। সাবেক জাতীয় ফুটবলার ওয়াজেদ গাজী জানান, মাসুদ রানা আর ইনানী ফিরে আসায় নিঃসন্দেহে দলের শক্তি বৃদ্ধি পাবে।