কনফেডারেশন কাপ ফুটবল: গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ব্রাজিলের মুখোমুখি জাপান
কনফেডারেশন কাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ব্রাজিলের মুখোমুখি হবে জাপান।
এর আগে মেক্সিকোর সাথে ম্যাচ হারার কারণে সেমিফাইনালে পৌঁছাতে ব্রাজিলকে এ ম্যাচে অন্তত ড্র করতে হবে। অন্যদিকে জয় ছাড়া বিকল্প কিছু নেই জাপানের জন্য।
ফলে সেমিতে পৌঁছাতে জাপান চাইছে অলৌকিক কিছু ঘটাতে। এ ক্ষেত্রে জাপানকে উজ্জীবিত করছে ১৯৯৬ সালের মিয়ামি অলিম্পিক। সেবার জাপানের গোলরক্ষক ইয়োসিকাতসু কাওয়াগুচি অসাধারণ কয়েকটি গোল রক্ষা করে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ জেতে। বুধবারও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে এমনই কিছু একটা করতে আশাবাদী কাওায়াগুচি।
সোমবার কাওয়াগুচি বলেন,আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ ছিলো মিয়ামি। আমি বুধবার এমনই কিছু একটা করার আশা করছি।
কাওয়াগুচি বলেন, বুধবারের ম্যাচের আগে আমাদের তেমন কোন চাপ নেই, চাপ যা তা ব্রাজিলের ওপরই। জাপানের কোচ বলেন, ব্রাজিল নি:সন্দেহে শক্তিশালী দল। কিন্তু তাদেরকেও যে আমরা হারাতে পারি সেটা নয় বছর আগে আমরা প্রমাণ করেছি।
এদিকে ব্রাজিল বলছে, তারা এখন জয় ছাড়া কিছুই ভাবছে না।
