মুক্তিযোদ্ধাকে হারিয়ে বড় বাধা অতিক্রম করল মোহামেডান
শাহনূর রহমান রনির শেষমুহুর্তের গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে লিগে প্রথম বড় বাধা টপকালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু’দল মুখোমুখি হয়েছিল।
এই জয়ের ফলে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে যুগ্নভাবে ব্রাদার্স ইউনিয়নের সাথে শীর্ষে অবস্থান করছে মোহামেডান। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে ফরাশগঞ্জের সাথে তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট সাত।
এই জয়ের মধ্য দিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুক্তিযোদ্ধার সাথে পরাজয়ের ধারা ভেঙ্গে জয়ের ধারায় ফিরল। মোহামেডান গত জাতীয় লিগের সময় থেকে এপর্যন্ত চারবার হেরেছে মুক্তিযোদ্ধার সাথে।
স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের সেমি থেকে মোহামেডানকে বিদায় করে দেয়া মুক্তিযোদ্ধা এই ম্যাচে বলের উপর নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে পারলেও তাদের দুই নাইজেরিয়ান রিক্রুট জেরিমিয়াহ ও পলকে মোহামেডানের ডিফেন্ডার নজরুল, হাসান ও কামাল কড়া নজরদারিতে রাখায় খুব একটা নড়াচড়া করতে পারেননি তারা।
মোহামেডান স্পোর্টিং ক্লাব শেষ মুহুর্তের গোলে জয় পেলেও দু’দল যে খেলা প্রদর্শন করেছে তাতে ছুটির দিন স্টেডিয়ামে উপস্থিত কয়েকহাজার দর্শক অতৃপ্তি নিয়েই ঘরে ফিরে গেছে। দু’দলই পয়েন্ট বাঁচানোর জন্য খেলেছে, তাতে করে বল বেশিরভাগ সময় মাঝমাঠেই ঘোরাফেরা করেছে।
শুক্রবারের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ তাদের তিন বিদেশী খেলোয়াড় নাইজেরিয়ান জেরিমিয়াহ ও পল এবং রুয়ান্ডার ডিফেন্ডার হ্যারিকে নিয়ে মাঠে নামে। অন্যদিকে মোহামেডান মাঠে নামে মরোক্কান মোহাম্মদ রেগরীগীকে নিয়ে। তবে প্রথম ম্যাচে রেগরীগীকে কিছুটা আড়ষ্ট মনে হলেও তার দক্ষতা সম্পর্কে কোন সন্দেহ ছিল না।
৩১ মিনিটে মুক্তিযোদ্ধার হ্যারির একটি সাইডভলি সাদাকালোদের জালে ঢোকার মুহুর্তে গোললাইন থেকে ক্লিয়ার করেন কামাল। ৪০ মিনিটে মোহামেডানের পাল্টা একটি আক্রমন থেকে দলকে রক্ষা করেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক আমিনুল। তবে এক্ষেত্রে নকিব সরাসরি আমিনুলের হাতে বল তুলে দিয়ে কাজটা সহজ করে দেন।
বিরতির পর ৭২ মিনিটে আলফাজের বাঁ পায়ের একটি শট মুক্তির গোলবার ঘেঁষে বাইরে চলে যায়। কিন্তু ৮১ মিনিটের সময় রনি আলতো টোকা দিয়ে বল মুক্তিযোদ্ধার জালে জড়িয়ে দিলে হাসি ফোটে মোহামেডান শিবিরে।
গোল করেছেন রনি কিন্তু এর পেছনে পুরো কৃতিত্বটা অধিনায়ক আলফাজকে দিতেই হয়। মাঝমাঠ থেকে বল নিয়ে বাঁ দিক দিয়ে একে একে হ্যারি, টিটু আর গোলরক্ষক আমিনুলকে ফাঁকি দিয়ে ফাঁকায় দাঁড়িয়ে থাকা রনির উদ্দেশ্যে কোনাকুনিভাবে বল ঠেলে দেন আলফাজ। বাকি কাজটুকু সারেন রনি।
৮৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে বেলালের একটি লম্বা থ্রো সরাসরি মোহামেডানের জালে ঢুকে গেলেও রেফারী রামকৃষ্ণ ঘোষ মোহামেডানের গোলরক্ষক বিপ্লবকে অবৈধভাবে বাধা দেয়ার কারনে গোলটি বাতিল করে দেন।
