২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন ব্রাজিলকে পরাজিত করে আর্জেন্টিনা শীর্ষে

বিশ্বকাপ ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্ধী ল্যাটিন আমেরিকার এ দু’দেশের মধ্যে এক জমজমাট আসর বসেছিল বুধবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারস-এতে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। স্ট্রাইকার হার্নান ক্রেসপোর পা থেকে আসে দুটি গোল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 11:34 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ক্রেসপো খেলার চতুর্থ ও ৪১ মিনিটে দুটি গোল করেন। জুয়ান রোমান রিকুইলমি ১৮ মিনিটে আরেকটি গোল সংযোজন করে আর্জেন্টিনার জয়ের ভিতকে শক্তিশালী করে দেয়। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন রবার্তো কার্লোস। ব্যক্তিগত অসুবিধার কারণে সুপার স্টার রোনাল্ডো ব্রাজিলের হয়ে খেলতে পারেননি। এর আগে প্রথম পর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩ গোল করেছিলেন রোনাল্ডো।

আর্জেন্টিনা এ নিয়ে টানা নয়বার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলো। ১৯৭৮ এবং ১৯৮৬ সালে তারা বিশ্বকাপ জয় করেছিল। দক্ষিণ আমেরিকা কোয়ালিফাইং গ্রুপের পনের রাউন্ডে আর্জেন্টিনা ৩১, বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল ২৭, ইকুয়েডর ২৩ এবং প্যারাগুয়ে ২২ পয়েন্ট অর্জন করেছে। ২০০২ সালে জাপান এবং দক্ষিণ কোরিয়া কর্তৃক যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল।

বিশ্বকাপ ফুটবলে পাঁচবার চ্যাম্পিয়ন ব্রজিল দল ইতোমধ্যে জার্মান যাওয়ার টিকেট পেয়ে গেছে।