সুনামি তহবিল সংগ্রহ ম্যাচ: শচীন ও ওয়ার্নের সাথে খেলবেন একজন ‘মনোনীত’ ক্রিকেট ভক্ত
শচীন টেন্ডুলকার এবং শেন ওয়ার্ন উভয়েই একজন ক্রিকেট ভক্তকে তাদের সাথে ক্রিকেট খেলার সুযোগ দিবেন।
আগামী বৃহস্পতিবার (জুন ১৬) লর্ডসে এমসিসি ও ইন্টারন্যাশনাল একাদশ দলের মধ্যে অনুষ্ঠেয় ‘সুনামি তহবিল সংগ্রহ’ ম্যাচে বিরতির সময় ওই ভাগ্যবান ব্যক্তি শচীন ও ওয়ার্নের সাথে খেলবেন।
যারা এতদসংশ্লিষ্ট অন-লাইন বিডিং-এ সর্বোচ্চ মূল্য-প্রস্তাবক হবেন তাদের মধ্যে থেকেই ওই ভাগ্যবান ব্যক্তিকে নির্বাচন করা হবে। তিনি শচীনের সাথে জুটি বাঁধবেন এবং ওয়ার্নকে মোকাবেলা করবেন।
টেন্ডুলকার যখন নন-স্ট্রাইকিং পজিশনে থাকবেন তখন তিনি ওই ব্যক্তিকে ওয়ার্নের স্পিন বল মোকাবেলা করার বুদ্ধি-পরামর্শ দিবেন। লর্ডসের স্বত্বাধিকারী মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওই ম্যাচ ভিডিওতে ধারনের ব্যবস্থা করবে এবং পরে টিভিতে দেখাবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এমসিসির প্রেসিডেন্ট এবং ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান টম গ্রেভেনি বলেন, “এটি একজন ক্রিকেট ভক্তর জন্য একটি বিস্ময়কর সুযোগ।”
