সিনিয়র ডিভিশন ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের সহজ জয়
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ব্রাদার্স ইউনিয়ন সহজেই ৪-১ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবকে হারিয়ে লিগে তৃতীয় জয় পেয়েছে।
ব্রাদার্সের পক্ষে গোল করেন লিটন, এডোয়ার্ড, খোকন ও পারভেজ বাবু। অন্যদিকে ইয়ংমেন্সের পক্ষে একটি গোল পরিশোধ করেন বাতেন।
ম্যাচের প্রথমার্ধে লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। এই অর্ধে উভয় দলই একটি করে গোলের মুখ দেখে। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রন পুরোপুরিভাবে চ্যাম্পিয়নদের হাতে চলে যায়। ব্রাদার্সের বাকি তিনটি গোলই আসে দ্বিতীয়ার্ধে।
তরুনদের নিয়ে গড়া ইয়ংমেন্স আগের ম্যাচে শেখ রাসেলের বিরুদ্ধে দশ গোলে বিধ্বস্ত হলেও ব্রাদার্সের বিরুদ্ধে কিছুটা লড়াই করেছে। বিশেষ করে প্রথমার্ধে বেশ আক্রমাত্মক খেলা উপহার দিয়েছে ইয়ংমেন্স। তবে দ্বিতীয়ার্ধে এসে আক্রমনের ধারা আর বজায় রাখতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে ব্রাদার্সের কোচ ওয়াজেদ গাজী মিডফিল্ডার মনোয়ারের পরিবর্তে লিটনকে নামিয়ে একটি গোল পেলেও লিটন আরেকটি গোলের সুযোগ নষ্ট করেন। ১৪ মিনিটে আবুলের ক্রস করা বলে হেড করে দলকে এগিয়ে দেন খোকন (১-০)। তবে প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই চার মিনিটের মধ্যেই গোল পরিশোধ করে ইয়ংমেন্স। ব্রাদার্সের সীমানার মধ্য থেকেই চমৎকার প্লেসিং শটে গোল করে সমতা আনেন বাতেন (১-১)।
২৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া ব্রাদার্সের রাশিয়ান রিক্রুট এডোয়ার্ডের একটি তীব্র শট ইয়ংমেন্সের গোলরক্ষক শিপলু কোনরকমে কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ৪৪ মিনিটের এডোয়ার্ড ইয়ংমেন্সের আগুয়ান গোলরক্ষক শিপলুর মাথার উপর দিয়ে বল বাইরে মারলে এগিয়ে যাওয়ার একটি সহজ সুযোগ নষ্ট হয় ব্রাদার্সের।
দ্বিতীয়ার্ধের দুই মিনিটের সময় এগিয়ে যেতে পারত ইয়ংমেন্স, কিন্তু মাটিতে পড়ে থাকা ব্রাদার্সের গোলরক্ষক তারেকের উপর দিয়ে বল জালে পাঠাতে র্ব্যথ হন বাতেন।
চার মিনিট পর খোকনের আরেকটি আক্রমন গোললাইন থেকে ফিরিয়ে দেন ইয়ংমেন্সের ডিফেন্ডার আরিফুল।
শেষ পর্যন্ত ৫১ মিনিটে ব্রাদার্স শিবিরে নিঃশ্বাস নেয়ার সুযোগ করে দেন বদলী খেলোয়াড় লিটন। মরোক্কান ইনানীর পাস থেকে বল পেয়ে প্লেসিং শটে গোল করেন লিটন (২-১)। ৬৩ মিনিটে এডোয়ার্ড আবার এগিয়ে দেন চ্যাম্পিয়নদের (৩-১)। ৮৬ মিনিটে ইয়ংমেন্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পারভেজ বাবু (৪-১)।
