পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২২৩/৪, এগিয়ে রয়েছে ১৯৩ রানে
ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুভ সূচনা পাকিস্তান দলকে একটা দৃঢ় অবস্থানে নিয়ে এসেছে।
তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২২৩। ১৯৩ রানের লিড নিয়ে সোমবার চতুর্থদিনের মতো ব্যাট করবে পাকিস্তান।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সূচনা করেন শোয়েব মালিক এবং ইয়াসির হামিদ। উদ্বোধনী জুটিতে তারা ৬৬ রান করার পর কলিমোরের বলে ব্রাউনির হাতে তালুবন্দি হন ইয়াসির হামিদ। তার ব্যক্তিগত সংগ্রহ ২৬। ইয়াসির আউট হলেও শোয়েব ইউনিস খানকে নিয়ে দৃঢ়তার সাথে ব্যাট করেন। দলীয় ১১৯ রানে পাক দলের দ্বিতীয় উইকেট পড়ে। শোয়েব মালক কলিমোরের বলে স্মিথের হাতে আউট হন। এরপর অসিম কামাল ব্যাট করতে এসে রানের খাতা খোলার আগেই গেইলের বলে তার হাতেই ধরা পরেন। এরপর অধিনায়ক ইনজামাম ইউনিসকে সাথে নিয়ে দীর্ঘ সময় ধরে ব্যাট করেন। পাক দলের ৪র্থ উইকেট পড়ে ১৯৪ রানে। ব্যক্তিগত ৪৩ রানে ইউনিস খান কলিমোরের বলে এলবিডব্লিউ হন।
দিনশেষে পাকিস্তানের সংগ্রহ ২২৩। ইনজামাম ৬৪ এবং আফ্রিদি ১০ রান নিয়ে অপরাজিত ছিলেন।
এর আগে লারার অসাধারন ৩০ তম শতকে ওয়েস্ট ইন্ডিজ ৪০৪ রান সংগ্রহ করে। পাক দল প্রথম ইনিংসে ৩৭৪ রান করে। ১৯৩ রানের লিড নিয়ে সোমবার ৪র্থ দিনের মতো ব্যাট করবে পাকিস্তান।
