২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশন ফুটবলে মোহামেডানের দ্বিতীয় জয়

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব দ্বিতীয় জয় পেয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে হারিয়েছে নবাগত দিপালী যুব সংঘকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

মোহামেডানের আলফাজ, মঞ্জু, ফয়সাল এবং নকিব গোল করেন। অন্যদিকে দিপালীর পক্ষে একটি গোল পরিশোধ করেন ইদ্রিস মতুবি।

বিদেশি খেলোয়াড় ছাড়া দ্বিতীয় জয় পেলেও মোহামেডানের ডিফেন্ডার এবং গোলরক্ষক তাদের নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অভিজ্ঞ আলফাজ একটি গোল করলেও অন্তত দু’টি সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন।

মোহামেডানের প্লেমেকার মতিউর মুন্নাও এই ম্যাচে ছিলেন নি®প্রভ। মোহামেডানের তিনটি গোলের উৎসই ছিল দুই উইং। নবাগত দিপালী প্রথম ম্যাচে ব্রাদার্সের ঘাম ঝরাতে সক্ষম হলেও তিন বিদেশি খেলোয়াড় নিয়ে এই ম্যাচে মোহামেডানের কাছে নিঃশর্ত আত্মসমর্পন করেছে।

১৩ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। আসাদের বাঁ দিকের একটি ক্রসকে ব্যাকহিল করেন উইংগার রনি। দিপালীর বক্সের ভিতর থেকে সহজেই বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন আলফাজ (১-০)। ২৮ মিনিটে আলফাজ একটি বল মঞ্জু’র উদ্দেশ্যে উড়িয়ে দেন। মঞ্জু দেরি না করে একেবারে কাছ থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন (২-০)।

৩০ মিনিটে গোল পরিশোধের একটি সুযোগ পায় দিপালী। ধীর গতিতে উপরে উঠে আসা ইদ্রিস মোহামেডানের গোলরক্ষকে প্রায় পরাস্ত করেই ফেলেছিলেন। কিন্তু ডিফেন্ডার হাসান কর্নারের বিনিময়ে সে যাত্রা বাঁচিয়ে দেন সাদা কালো শিবিরকে।

তিন মিনিট পর ফয়সাল হেডের সাহায্যে তৃতীয়বারের মত এগিয়ে দেন মোহামেডানকে (৩-০)। ৩৯ মিনিটে শেষ পর্যন্ত গোলের দেখা পায় দিপালী। মোহামেডানের দুই ডিফেন্ডার হাসান ও নজরুল দিপালীর বিদেশি রিক্রুট ইদ্রিসকে ঠেকাতে ব্যর্থ হলে ইদ্রিস গোলরক্ষক বিপ্লবের দু’পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠিয়ে দেন (৩-১)।

সহজ প্রথমার্ধ অতিক্রম করার পর দ্বিতীয়ার্ধে মোহামেডান তিন জন নতুন খেলোয়াড় মিন্টু, নকিব এবং খোকনকে নিয়ে মাঠে নামে। এসময় অবশ্য সাদাকালো শিবির একটু গাছাড়াভাবে খেলেছে। তবে বদলী নকিব দলকে আরেকটি গোল এনে দেন ৭৯ মিনিটে। আলফাজের কাছ থেকে বল নিয়ে নকিব প্রতিপক্ষের গোলরক্ষক টিটুকে কাটিয়ে দলের পক্ষে চতুর্থ গোল করেন (৪-১)। শেষ মুহুর্তে আরেকটি গোল হজম করতে পারত দিপালী, তবে গোলরক্ষক টিটু আক্রমনটা কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব: বিপ্লব, নজরুল, হাসান, কামাল, রনি, ফয়সাল (মিন্টু), আরমান আজিজি, আসাদ, মুন্না (খোকন), আলফাজ ও মঞ্জু (নকিব)।

দিপালী যুব সংঘ: টিটু, কায়সার, ফরিদ (নূর), তাজুল (মোহিন), জালাল (আরিফ), সাইফুল, আবদুল্লাহ, অপু, ইওতাকা, ইদ্রিস ও মাইকেল।