দ্বিতীয় টেস্টে কান্ডারি হলেন ইউনুস খান, পাকিস্তানের সংগ্রহ ৩৩৬ রান
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে সফরকারী পাকিস্তানের সহ-অধিনায়ক ইউনুস খানের সেঞ্চুরির উপর ভর করে পাকিস্তান ছয় উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করেছে। শেষ চারটি টেস্ট ম্যাচে এটি তার তৃতীয় সেঞ্চুরি।
দিনের শুরুতেই অবস্থা তেমন ভাল না হলেওৃ সাসপেনশন থেকে ফিরে আসা অধিনায়ক ইনজামাম উল হক এবং ইউনুস খান বেশ ভালভাবেই পরিস্থিতি সামাল দেন। দলীয় ৪৩ রানের মাথায় পাকিস্তানের দুই উইকেট হারায়। শোয়েব মালিক ব্যক্তিগত ১৩ এবং ইয়াসির হামিদ দলীয় ১৪ রানের মাথায় প্যাভিলিয়ানে ফিরে যান।
সার্বিনা পার্কে ফ্লেট পিচে ইনজামাম টস জয় করেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
ইনজামাম ব্যাটিং লাইন পরির্বতন করে সালমান বাটের স্থানে শোয়েব মালিক এবং শাহেদ আফ্রিদির স্থানে ইয়াসির হামিদকে ওপেনিং করতে পাঠান।
লাঞ্চ পর্যন্ত ইনজামাম ও ইউনুস জুটি টিকে থাকে। কিছুটা ধীর গতিতে ব্যাটিং শুরু করলেও এক পর্যায়ে তারা খোলস ছেড়ে বেড়িয়ে আসে। এই জুটি লাঞ্চ পর্যন্ত ৫৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
লাঞ্চের পর পাকিস্তান দল দুই উইকেটে ১০২ রান নিয়ে খেলতে নেমে চা বিরতি পর্যন্ত তিন উইকেটে ২০২ রান সংগ্রহ করে। ইউনুস খান ৮৯ রানে অপরাজিত থাকেন।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের জন্য দিনটি ছিল দুর্ভাগ্যজনক। কোরি কলিমোর ভাল বোলিং করেও ভাগ্য সুপসন্ন করতে পারেননি।
ক্রিস গেইলের বলে আউট হওয়ার আগে ই্নজামাম ও ইউনুস জুটি ৮৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। স্লিপে দাঁড়ানো ডেভন স্মিথ অসাধারণভাবে ইনজামামের ক্যাচ লুফে নেন। আইট হওয়ার আগে ইনজামাম ৫০ রান করেন। গেইল প্রথম টেস্ট ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইউনুস খান ব্যক্তিগত ১০৬ রানের মাথায় ক্যারিবিয়ান বোলার কোরি কলিমোরের বলে ক্যাচ তুলে দেন ওয়েবেল হাইন্ডসের হাতে। তিনি ১৯০ বল মোকাবেলা করে এ রান সংগ্রহ করেন।
এর কিছুক্ষনের মধ্যে কলিমোর অসীম কামালকে ব্যক্তিগত ৫১ এবং আফ্রিদিকে ব্যক্তিগত ৩৩ রানের মাথায় আউট করেন।
শেষ পর্যন্ত ক্রিজে রয়েছেন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক এবং উইকেটকিপার কামরান আকমল।
