২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ব্যাটিং বিপর্যয়; ১০৪ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

ইংল্যান্ডে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। হার্মিসন এবং হগার্ডের বিধ্বংসী বলে ১০৪ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।

জাভেদ ওমর এবং নাফিস ইকবাল বাংলাদেশ দলের ব্যাটিং সূচনা করেন। দলীয় মাত্র ১৭ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। নাফিস ইকবাল ব্যক্তিগত ৭ রানে হার্মিসনের বলে স্ট্রসের হাতে ধরা পড়েন। এর কিছুক্ষন পর অধিনায়ক হাবিবুল বাশার ও নাফিসের পথ ধরে ওই হার্মিসনরে বলেই বোল্ড হয়ে ফিরে আসেন প্যাভেলিয়ানে। স্কোর বোর্ডে ৩৪ রান উঠতেই আউট হন আশরাফুল। ব্যক্তিগত ৩ রানে জোনসের বলেই আউট হন তিনি। ব্যক্তিগত ২ রানে ফ্লিনটফের বলে থর্পের হাতে ক্যাচআউট হন রাজিন সালেহ।

বাংলাদেশের ৫ম উইকেট পড়ে দলীয় ৫৯ রানে। শুরু থেকে ক্রিজে থাকা জাভেদ ওমর ব্যক্তিগত ৩৭ রানে হগার্ডের বলে জোনসের হাতে ক্যাচবন্দি হন।

এরপর ধারাবাহিকভাবেই বাংলাদেশের উইকেট পড়তে থাকে। দলীয় ৬৯ রানে আফতাব আহমেদ হার্মিসনের বলে আউট হন। আফতাবের সংগ্রহ ৬। এরপর ৮৭ রানে বাংলাদেশের দুই ব্যাটসম্যান রফিক এবং তাপস বৈশ্য পরপর আউট হন। রফিক ৯ এবং তাপস ০ রানে আউট হন। দলীয় ৯৩ রানে মাশরাফি এবং ১০৪ রানে সর্বশেষ ব্যাটসম্যান খালেদ মাসুদ আউট হন।