বাংলাদেশের টেস্ট মর্যাদা বাতিলের পক্ষে মিয়াঁদাদ
বাংলাদেশের টেস্ট মর্যাদা বাতিলের দাবির সাথে এবার সুর মিলিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।
বাংলাদেশ যতদিন পর্যন্ত না নিজেদের পারফরম্যান্সে উন্নতি ঘটাতে পারছে ততদিন পর্যন্ত তাদের টেস্ট অঙ্গন থেকে বাদ দেয়ার পক্ষে মত ব্যক্ত করেছেন মিয়াঁদাদ। মিয়াঁদাদ বুধবার বলেন, এই মুহুর্তে বাংলাদেশের ক্রিকেটের কোন গন্তব্য নেই।
বাংলাদেশ ৩৭ টেস্টে প্রথম জয় পায় গত বছর, তাও দুর্বল জিম্বাবুয়ের বিরুদ্ধে। গেল সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে টাইগাররা ইনিংস ও ২৬১ রানে শোচনীয়ভাবে পরাজিত হয়। শুক্রবার থেকে ডাহামে শুরু হবে ইংল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট।
মিয়াঁদাদ বলেন, আমি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মত দুর্বল দেশগুলোর বিপক্ষে নই। কিন্তু খেলোয়াড়দের বয়কটের কারনে জিম্বাবুয়ে দুর্বল দলে পরিনত হওয়ায় আইসিসি যদি তাদের টেস্ট খেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তাহলে খেলার মান নীচু হওয়ার পরও কেন বাংলাদেশের বিরুদ্ধে একই ব্যবস্থা নিতে পারবেনা।
১২৪ টেস্টে ৮,৮৩২ রান করা পাকিস্তানি এই ব্যাটসম্যান আইসিসির উদ্দেশ্যে বলেন, আইসিসির উচিত আন্তর্জাতিক ক্রিকেটে প্রমোশন এবং রেলিগেশন পদ্ধতি চালু করা এবং সফর সুচী পুর্নবিন্যাস করা।
