সিনিয়র ডিভিশন ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রের জয়
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে রোববার শেখ রাসেল ক্রীড়া চক্র তাদের মরোক্কান স্ট্রাইকার আব্দুল মজিদের দুই গোলের সুবাদে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে পুরো পয়েন্ট লাভ করেছে।
এই জয়ের ফলে শেখ রাসেল যৌথভাবে আবাহনীর সাথে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল। চার ম্যাচে তাদের পয়েন্ট সাত। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে আরামবাগের পয়েন্ট মাত্র এক। শেখ রাসেল ক্রীড়া চক্র এদিন তাদের মরোক্কান রিক্রুট আব্দুল মজিদকে নিয়ে মাঠে নামলেও দু’টি গোল করা ছাড়া তার খেলা দর্শকদের মন ভরাতে পারেনি। আগের ম্যাচে আবাহনীর পয়েন্টে ভাগ বসানো আরামবাগও ছিল নি®প্রভ।
ম্যাচের প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধেও দু’দলকে তেমন কোন উল্লেখযোগ্য আক্রমন শানাতে দেখা যায়নি।
গোলের জন্য গত বছরের রানার আপদের ৫৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। নয়নের দূরপাল্লার একটি শট আরামবাগের গোলরক্ষক শাকিল ধরতে ব্যর্থ হলে বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা আব্দুল মজিদ ফিরতি বলে আলতো টোকা দিয়ে শেখ রাসেলকে এগিয়ে দেন (১-০)।
চার মিনিট পর স্বদেশী রশিদের পাস থেকে বল পেয়ে গোলরক্ষক শাকিলকে বোকা বানিয়ে বল জালে ঠেলে দেন মজিদ (২-০)।
