সিনিয়র ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার আবাহনী-মোহামেডান বড় ম্যাচ
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগের দ্বিতীয় বড় ম্যাচে মঙ্গলবার বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড।
চলতি মৌসুমে তৃতীয়বারের মত লড়াইয়ে নামছে দেশের এই দুই ফুটবল পরাশক্তি। ফেডারেশন কাপের দু’টি ম্যাচেই আবাহনী প্রতিদ্বন্দ্বি মোহামেডানকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করেছে। এর মধ্যে আবার ১-৫ গোলে একটি বড় জয়ও রয়েছে আবাহনীর ঝুলিতে। এদিক থেকে মঙ্গলবারের ম্যাচে মানসিক দিক থেকে তাদেরই এগিয়ে থাকার কথা। কিন্তু যে আরামবাগ ক্রীড়া সংস্থাকে মোহামেডান ১-৩ গোলে বিধ্বস্ত করেছে সেই আরামবাগের বিরুদ্ধে আগের ম্যাচে ১-১ গোলে ড্র করে আবাহনী কিছুটা হলেও শংকা জাগিয়েছে।
অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব নতুন কোচ জসিমউদ্দিন জোসির নেতৃত্বে লিগে তিন ম্যাচে জয়ী হয়ে ফুরফুরে মেজাজে রয়েছে। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া মোহামেডান আগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ১-০ গোলে হারিয়ে সব দলের জন্য সতর্ক সংকেত দিয়ে রেখেছে।
দেশের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ন আসর সিনিয়র ডিভিশন ফুটবল লিগে তিন খেলায় মোহামেডানের পয়েন্ট নয়, অন্য দিকে সমসংখ্যক ম্যাচে আবাহনীর সংগ্রহ সাত পয়েন্ট। চার ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন।
মোহামেডানের কোচ জোসি বলেন, আগের ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারানোর পর দল এখন আবাহনীর সাথে লড়ার জন্য মানসিকভাবে সম্পূর্ন প্রস্তুত এবং আরেকটি জয়ের জন্য দল মুখিয়ে রয়েছে।
মোহামেডানের জন্য ভালো খবর হচ্ছে আগের দুৃ’টি টুর্নামেন্টে তাদের অধিনায়ক কাম স্ট্রাইকার আলফাজ বাজে পারফরম্যান্স প্রদর্শন করলেও লিগে স্বমূর্তিতে ফিরেছেন। আগের প্রায় প্রত্যেকটি ম্যাচে অধিকাংশ গোলের পেছনেই ছিল এই অভিজ্ঞ স্ট্রাইকারের কার্যকর ভূমিকা। তবে আবাহনীর বিরুদ্ধে মোহামেডান তাদের মরোক্কান প্লেমেকার মোহাম্মদ রেগরীগী ও স্থানীয় স্ট্রাইকার মঞ্জুর সার্ভিস থেকে বঞ্চিত হলেও উইংগার ফয়সালের খেলার ব্যাপারে কোন সন্দেহ নেই। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত রেগরীগীকে ১৫ দিন বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন কোচ জোসি। তাছাড়া মঙ্গলবারের ম্যাচে অভিষেক হতে পারে সিয়েরা লিয়নের স্ট্রাইকার ডোনাল্ডের।
বিপরীতে আগের ম্যাচের স্মৃতি মুছে ফেলে এখন মোহামেডানের বিরুদ্ধে ম্যাচটিকে নিয়েই ভাবছে আবাহনীর থিংক ট্যাংক ।
দলের ম্যানেজার সত্যজিত দাস রূপু বলেন, আগের ম্যাচে আরামবাগের বিরুদ্ধে দু’টি পয়েন্ট হারানোর পর আমাদের সামনে এই মুহুর্তে জয় ছাড়া কোন বিকল্প নেই। আবাহনী ১-৫ গোলে মোহাডোনকে হারিয়েছে এটা ঠিক কিন্তু এর পুনরাবৃত্তি হবে এমনটা ভাবার কোন কারণ নেই বলে জানালেন সাবেক এই জাতীয় ফুটবলার।
বলাই বাহুল্য, দলে কোন ইনজুরি ও সাসপেনশন না থাকায় মোহামেডানের বিরুদ্ধে পুরো শক্তির দল নিয়েই নামবে আবাহনী।
