গফ ও লুইসের বোলিং তোড়ে ভেসে গেছে অস্ট্রেলিয়া
ইংল্যান্ডের ফাস্ট বোলার ড্যারেন গফ ও জন লুইসের নিপুণ বোলিয়ের দাপটে টুয়েন্ট-টুয়েন্টি ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ১০০ রানের বিশাল জয় পেয়েছে।
সোমবার ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার পর গফ ও লুইস ২০ বলের মধ্যে আট রান দিয়ে তুলে নেন সাত উইকেট।
সাউদাম্পটনের রোজবোলে মাইকেল ভন বাহিনীর পারফরমেন্সে মুগ্ধ ইংল্যান্ডবাসী। যখন অস্ট্রেলিয়ার ইনিংস ১৪ দশমিক ৩ ওভারেই শেষ হয়ে যায় তখন ব্রিটিশ দর্শকরা এক অপরের কাঁধে ভর দিয়ে লাফাচ্ছিল আর আনন্দের আতিশয্য প্রকাশ করছিল।
ম্যাচে টস জিতে ইংল্যান্ড ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৭৯ রান। জবাবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে প্রথম তিন ওভারে ২৩ রান তোলে। তবে ২৩ রানকে ২৪ করতেই তারা হারিয়ে বসে পাঁচটি উইকেট। ৭৯ রানেই অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
২৯ বছর বয়সি জন লুইসের এখনও ওয়ান ডে এবং টেস্ট ম্যাচে অভিষেক হয়নি। এরপরও তিনিই ওই ম্যাচের সেরা বোলার। তিনি ২৪ রানের বিনিময়ে তুলে নেন চারটি উইকেট।
এদিকে অভিজ্ঞ বোলার ড্যারেন গফ টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেও ওয়ান ডে ক্রিকেটের জন্য তিনি যে এখনও ফিট তা আবার প্রমাণ করলেন ১৬ রানের বিনিময়ে অসি বাহিনীর তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়ানে ফেরত পাঠানোর মাধ্যমে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এক পর্যায়ে চার বলের মধ্যেই অসি দলের তিন উইকেট পতন ঘটে, যার মূল কৃতিত্ব হল গফের। অস্ট্রেলিয়ান উইকেটকিপার এডাম গিলক্রিস্ট ১৪ বলে ১৫ রান করেন। তিনি গফের বল উঁচু করে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে কেভিন পিটারসনের তালুবন্দি হন।
পরবর্তী বল ম্যাথু হেইডেন পুল করতে গেলে আবারও পিটারসন দৌড়ে দর্শনীয়ভাবে ক্যাচ ধরেন।
এরপর মাইকেল ক্লার্কও তাদের পথ অনুসরণ করেন। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়ানে ফিরে যান ক্লার্ক, তাকে আউট করেন লুইস।
ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কেভিন পিটারসন। ব্যাট হাতে পিটারসন মাত্র ১৮ বলে ৩৪ রান করেন এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত চারটি ক্যাচ ধরেন।
