সুনামি সহায়তা ম্যাচে এমসিসি’র রান সুনামিতে ভেসে গেছে আন্তর্জাতিক একাদশ
সুনামি আক্রান্তদের তহবিল গঠনের জন্য লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক এমসিসি একাদশ দল ১১২ রানের ব্যবধানে আন্তর্জাতিক একাদশকে পরাজিত করেছে।
স্বাগতিক এমসিসি একাদশ দল প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেটে ৩২৭ রান সংগ্রহ করে।
তারকাসমৃদ্ধ আন্তর্জাতিক একাদশ দল গ্রায়েম স্মিথ ও ব্রায়ান লারার চমৎকার ৭৮ রানের জুটির পরও পরাজয় থেকে বাঁচতে পারেনি।
আন্তর্জাতিক একাদশের নয়টি উইকেটেরই পতন ঘটেছে এমসিসি একাদশ দলের তিন বোলার হরভজন সিং, অনীল কুম্বলে ও ক্রিস গেইলের ঘূর্ণিবলের জাদুতে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
স্মিথ ও লারা আন্তর্জাতিক একাদশ দলকে নিয়ে জয়ের পথে ভালোভাবেই এগুচ্ছিলেন। ক্যালিসের তিন ওভারে এই জুটি ৩৩ রান তোলে।
কিন্তু কুম্বলের বলে শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো শোয়েব আকতারের হাতে ক্যাচ তুলে দিয়ে লারা যে বিপর্যয়ের সূচনা করে যান, তা আর কাটিয়ে উঠতে পারেনি আন্তর্জাতিক একাদশ।
প্রথমে ব্যাট করতে নেমে এমসিসি একাদশ দল শুরুটা বেশ ভালই করে। ক্যালিস ও স্টিফেন ফ্লেমিং উভয়ই ৬২ রান করেন।
ম্যাচ প্রথম জমে উঠে যখন ফ্লেমিং ইন্টারন্যাশনাল দলের ফাস্ট বোলার মাখায়া এনটিনির তৃতীয় ওভারে দু’টি চার ও একটি ছক্কা মারেন।
ফ্লেমিং ও ক্যালিস জুটি তৃতীয় উইকেটে ১১২ রান যোগ করেন। পরে ভিভিএস লক্ষণের ৪৭ রান এমসিসি দলের সংগ্রহ শক্তিশালী করে।
আন্তর্জাতিক একাদশ দলের ক্রিস কেয়ার্নস লক্ষণ ও ফ্লেমিংয়ের উইকেট তুলে নেন। কিন্তু উত্তেজনা তুঙ্গে ওঠে যখন এমসিসি দলের এন্ডি ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল দলের বোলার শেন ওয়ার্নের উপর চড়াও হন। ফ্লাওয়ার ব্যক্তিগত ৫৫ রান করেন।
ফ্লাওয়ার ও কুমার সাঙ্গাকারা দ্রত রান করতে থাকেন এবং উভয়কেই আউট করেন লেগ-স্পিনার শেন ওয়ার্ন। তবে ওই ম্যাচে শেন ওয়ার্ন খুবই খরুচে বোলিং করেছেন, আট ওভারে দিয়েছেন ৬৪ রান ।
তার করা খেলার শেষ ওভারের শেষ বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে ইনিংসের সমাপ্তি ঘটান শন পোলক। এটা ছিলো ইনিংসের ৩৪তম বাউন্ডারি।
এমসিসি’র হয়ে ফাস্ট বোলার শন পোলক প্রথম আঘাত হানেন আন্তর্জাতিক একাদশের বীরেন্দর শেহওয়াগকে ব্যক্তিগত মাত্র পাঁচ রানে ফিরিয়ে দিয়ে। উইকেট কিপার কুমার সাঙ্গাকারা চমৎকার তিনটি স্ট্যাম্পিং করেন।
দু’দলের হয়ে যারা খেলেছেন-
এমসিসি একাদশ দল: স্টিফেন ফ্লেমিং (অধিনায়ক), ক্রিস গেইল, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষণ, জ্যাক ক্যালিস, এন্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, শন পোলক, অনিল কুম্বলে ও শোয়েব আখতার।
ইন্টারন্যাশনাল একাদশ দল: ব্রায়ান লারা (অধিনায়ক), বিরেন্দার শেওয়াগ, সনথ জয়সুরিয়া, গ্রায়েম স্মিথ, রাহুল দ্রাবিড়, শিবনারায়ণ চন্দরপল, শেন ওয়ার্ন, ক্রিস কেয়ার্নস, চামিন্দা ভাস, মোহাম্মদ সামি ও মাখায়া এনটিনি।
