শেখ হাসিনার সঙ্গে ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম মোনেম মুন্না ও পুশকিনের পরিবারের সদস্যদের সাক্ষাত
জাতীয় ও আবাহনী ফুটবল দলের সাবেক অধিনায়ক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম মোনেম মুন্না এবং বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও আবাহনী হকি দলের সম্পাদক মরহুম জাহিদুর রহমান পুশকিনের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাত করেন।
শেখ হাসিনা মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তারা আমাদের দেশের জাতীয় সম্পদ ছিলেন। তিনি মরহুম ক্রীড়াবিদদের সন্তানদের ভালমতো পড়ালেখা করার পরামর্শ দিয়ে বলেন, তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও।
মুন্নার বিধবা স্ত্রী ইয়াসমিন মোনেম এবং পুশকিনের বিধবা স্ত্রী ফাহমিদা আহমেদ শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তিনি মরহুম ক্রীড়া ব্যক্তিত্বদের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের সান্ত¡না দেন।
শেখ হাসিনা মুন্নার শিশু কন্যা দানিয়া ও পুত্র আজমান এবং পুশকিনের শিশু পুত্র শাবনাম সাকিব রহমানকে কাছে টেনে আদর করেন। পিতার অবর্তমানে তাদের পড়ালেখা ও সুন্দর ভবিষ্যতের জন্যে শেখ হাসিনা আবাহনী লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে সহায়তা প্রদান করেন।
মুন্না ও পুশকিনের চিকিৎসাসহ অসুস্থ অবস্থায় রোগমুক্তির লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্যে তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুন্নার বাবা আলহাজ্ব ডা. হাসান আলী মরহুম ক্রীড়াবিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
এ সময় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আবাহনী লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী শাহেদ আহমেদ, আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল, ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ, নুরুল আলম চৌধুরী, সুকুমার রঞ্জন দাস, এবি সিদ্দিক চৌধুরী, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও ইকরাম চৌধুরী উপস্থিত ছিলেন।
