সিনিয়র ডিভিশন ফুটবলে ব্রাদার্সকে টপকে মোহামেডান শীর্ষে
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটি মোহামেডানের দখলে চলে গেল। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব আরমান অজিজির একমাত্র গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হটিয়ে দিয়েছে।
পাঁচ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট বর্তমানে ১৩। সমসংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ব্রাদার্সের পয়েন্ট ১২। আর গতবারের রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্রের পয়েন্ট সাত।
লিগে মোহামেডান চতুর্থ জয় পেলেও আগের ম্যাচগুলোর মত লড়াকু খেলা উপহার দিতে ব্যর্থ হয়েছে। উপরন্তু হ্যামস্ট্রিং ইনজুরির জন্য এই ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক আলফাজ। ফলে তাদের আক্রমনেও ছিলনা কোন ধার। দ্বিতীয়ার্ধে বিদেশী স্ট্রাইকার ডোনাল্ডের ইনজুরি আরও নি®প্রভ করে দেয় মোহামেডানকে।
অন্যদিকে ম্যাচে বলের উপর নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করতে পারলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় শেখ রাসেল।
ম্যাচের চতুর্থ মিনিটেই চমৎকার প্লেসিং শটে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন আরমান আজিজি। তবে বাঁ প্রান্তের কর্নার থেকে গোলের উৎস তৈরী করে দেন উইংগার রনি। ৩০ মিনিটে একটি আত্মঘাতী গোলের হাত থেকে বেঁচে যায় সাদাকালো শিবির। এক্ষেত্রে ত্রানকর্তার ভূমিকায় আবির্ভূত হন গোলরক্ষক বিল্পব। বুলবুলের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল প্রায় নিজেদের জালেই জড়িয়ে দিতে যাচ্ছিলেন মুন্না। বিপ্লব কোনমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।
৩৬ মিনিটে শেখ রাসেলের গোলরক্ষক খালেদকে পরাস্ত করে ডোনাল্ড বল মঞ্জুর উদ্দেশ্যে বাড়িয়ে দিলেও ফাঁকা বারে গোল করতে ব্যর্থ হন মঞ্জু। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শেখ রাসেল। এসময় দু’টি সুয়োগও সৃষ্টি করেছিল তারা। কিন্তু শেখ রাসেলের সবকটি সুযোগ ব্যর্থ করে দেন মোহামেডানের গোলরক্ষক বিপ্লব।
