বাংলাদেশ দলের ইংল্যান্ড সফর: টেস্ট মর্যাদা নিয়েই প্রশ্ন উঠেছে
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অনেক কিছুই করতে পারে কেবল সিদ্ধান্ত গ্রহণ ছাড়া। এসব কারণে আইসিসি অনেক দিন ধরেই ক্রীড়া-সমালোচকদের উপহাসের পাত্র।
যারা আইসিসির কর্তাদের অভিযুক্ত করে আসছে তারাই বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট মর্যাদা দেয়ার ব্যাপারে নানাবিধ কথা বলছেন, সুযোগ পেলেই কটু মন্তব্য করছেন।
শনিবার ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ এক ইনিংস এবং ২৬১ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। বাংলাদেশের ক্রিকেটাররা মাত্র সাতটি সেশনেই গুটিয়ে যায়।
বহু দিন পর এরকম একটি এক তরফা টেস্ট ম্যাচ হল এবং দুর্ভাগ্যক্রমে তা বাংলাদেশের বিরুদ্ধেই হল। বাংলাদেশ ৩৭টি টেস্ট ম্যাচে অংশ গ্রহণ করে জিতেছে মাত্র একটিতে। ওই ম্যাচে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। এশিয়ার ক্রিকেট পাগল জাতি হিেেসবে বাংলাদেশ ২০০০ সালে ১০ম টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
টেস্ট ম্যাচ ওয়ান ডে ম্যাচ থেকে সম্পূর্ন ভিন্ন। টেস্ট ম্যাচ সাধারণত পাঁচ দিনের হয়ে থাকে। আর এই পাঁচ দিনে উভয় দলের যেকোন দল নিজেদের ভাগ্য গড়তে পারে। ওয়ান ডে ম্যাচ এবং টেস্ট ম্যাচের মধ্যে মূল পার্থক্য এটাই।
কিন্তু লর্ডসে প্রথম টেস্ট ম্যাচে ভাগ্য সদয় হয়েছে শুধু ইংরেজদের। শুক্রবার ডারহামে দ্বিতীয় ও চূড়ান্ত টেস্ট ম্যাচেও সেই একই ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে। অ্যাশলে সিরিজের আগে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের ঝালাই করে নিতে ইংরেজদের জন্য সুবর্ণ সুযোগ।
সাবেক অস্ট্রেলিয়ান দলপতি রিচি বেনো ম্যাচ পর্যবেক্ষণ করে বলেন, “বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট মর্যাদা কেড়ে নেওয়া উচিত। এরা ক্রিকেটের মান-মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাদের খেলা উচিত টেস্ট খেলুড়ে দেশগুলোর ‘এ’ দলের বিরুদ্ধে।”
ক্রিকেট খেলার মূল উপার্জন হয় ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করে।
বিশ্বে ক্রিকেটের সবচেয়ে বড় বাজার হচ্ছে এশিয়ায়, বিশেষ করে ভারতে। ভারতীয় ক্রিকেট ভক্তরা প্রবল উৎসাহের সাথে ক্রিকেট দেখতে ভালবাসে। আর এই ক্রিকেট খেলা সম্প্রচারের মাধ্যমে অর্জিত হয় মিলিয়ন মিলিয়ন ডলার।
বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তি কিছুটা হলেও ভারতীয় বাণিজ্যের কল্যাণে মিলেছে। ক্রিকেট বাণিজ্য নিয়ে আফ্রো-এশিয়া ব্লকও সৃষ্টি হয়েছে সম্প্রতি।
আইসিসির নিয়ম অনুয়ায়ী পাঁচ বছর পর্যন্ত প্রতিটি দল টেস্ট মর্যদা প্রাপ্ত নয়টি দেশের বিরুদ্ধে দেশের ভিতরে এবং বাইরে দুই টেস্টের সিরিজ খেলবে।
বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম টেস্ট ম্যাচ জয় করে পাঁচ বছর পর গত জানুয়ারি মাসে।
নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ জয় করে টেস্ট মর্যাদা পাওয়ার ২৬ বছর পর।
তবে বিশ্বের ক্রিকেট বোদ্ধারা বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলকে পরামর্শ দিচ্ছেন, তারা যেন আরও বেশি ম্যাচ খেলে। তারা দুই দলের ‘এ’ দলগুলোর ধারাবাহিক ম্যাচ খেলার কথাও বলেছেন। তাছাড়া ননটেস্ট খেলুড়ে দল গুলোর সাথে বেশি বেশি ম্যাচ খেলার কথা বলেছেন তারা।
