২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচনা ম্যাচে ওয়ান্ডারার্সের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার কষ্টার্জিত জয়

দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় আমিন রানার গোলে প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সোমবার মুক্তিযোদ্ধা ২-১ গোলে হারায় ঢাকা ওয়ান্ডারার্সকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

মুক্তিযোদ্ধার পক্ষে আরেকটি গোল করেন কাঞ্চন। অন্যদিকে ওয়ান্ডারার্সের হয়ে একটি গোল পরিশোধ করেন জালালউদ্দিন।

শক্তির বিচারে মুক্তিযোদ্ধার চাইতে দুর্বল হলেও ম্যাচে পুরনো ঢাকার দল ওয়ান্ডারার্স বেশ লড়াকু খেলা উপহার দিয়েছে। তবে দিনটি তাদের ছিলনা, তা নইলে কি ইনজুরি সময়ে তাদের স্ট্রাইকার মিলনের শটটি মুক্তির সাইডবারে লেগে ফিরে আসে?

অন্যদিকে স্বাধীনতা দিবস ফুটবল চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা মৌসুমের প্রথম দু’টি ফুটবল আসরে যে খেলা প্রদর্শন করেছে তার ছিটেফোঁটাও ছিলনা এই ম্যাচে। একমাত্র মুক্তির প্লেমেকার আরমান মিয়া দু’টি গোলের উৎস তৈরী করে দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেন।

১২ মিনিটে প্রথম আক্রমনটা আসে ওয়ান্ডারার্সের পক্ষ থেকে। স্ট্রাইকার সাদেকের নেয়া আচমকা তীব্র শটটি প্রতিপক্ষের ক্রসপিসে লেগে ফেরত আসে। সাদেক ব্যর্থ হলেও পাল্টা আক্রমন তেকে গোল করতে ব্যর্থ হননি মুক্তির স্ট্রাইকার কাঞ্চন। আরমানের ফ্রিকিকের বলে মাথা ছুঁয়ে ওয়ান্ডরার্সের জালে বল জড়িয়ে দেন কাঞ্চন (১-০)।

৪০ মিনিটে ওয়ান্ডরার্স সমতা আনার সুযোগ পায়। কিন্তু আবারও সেই সাদেক, মুক্তিযোদ্ধার গোলরক্ষক আমিনুলের হাত ফসকে বেরিয়ে যাওয়া বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে গা-ঝাড়া দিয়ে উঠে ওয়ান্ডারার্স। ৫১ মিনিটে দিক বদল করে উপরে উঠে আসা নুরুল মুক্তিযোদ্ধার বক্সের মধ্যে বল ঠেলে দিলে জালালউদ্দিন বলকে তার গন্তব্যে পাঠিয়ে দেন (১-১)। দেশসেরা গোলরক্ষক আমিনুল ডান দিকে ঝাঁপ দিলেও বল তাকে ফাঁকি দিয়ে বাঁ দিক দিয়ে জালে জড়িয়ে যায়।

৫৫ মিনিটে আরমানের আরেকটি ফ্রিকিক ওয়ান্ডারার্সের সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়। তিন মিনিট পর আমিন রানার একটি হেডের বল একেবারে গোললাইন থেকে ফিরিয়ে দেন ওয়ান্ডারার্স ডিফেন্ডার।

শেষ পর্যন্ত সেই আমিন রানাই মুক্তিযোদ্ধার খেলোয়াড়, কর্মকর্তাদের মুখে হাসি ফোটান। ৭৭ মিনিটে আরমানের নেয়া কর্নার থেকে পাওয়া বল ওয়ান্ডারার্সের গোলে ঠেলে দিতে ভুল করেননি আমিন রানা (২-১)।

এরপর ওয়ান্ডারার্স প্রচন্ড চাপ সৃষ্টি করলেও তাদের স্ট্রাইকাররা মুক্তিযোদ্ধার গোলবার খুঁজে পাননি।