বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস বাতিল করা উচিত: শ্যেন ওয়ার্ন
টেস্ট ক্রিকেটের নবীন দল বাংলাদেশের টেস্ট মর্যাদা বাতিল করা উচিত বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শ্যেন ওয়ার্ন।
ওয়ার্ন বলেন, টেস্টে বাংলাদেশ যেভাবে একের পর এক হারছে তাতে আমি খুবই মর্মাহত। তাদের অভিজ্ঞতা অর্জনের ব্যাপারটি ভালো, কিন্তু দর্শকদের সামনে তারা যেভাবে হতাশাজনক পারফর্ম করছে এতে করে তাদের উন্নতি হবে কিভাবে?
‘দি টাইম’ এ লেখা কলামে ওয়ার্ন বলেন, কষ্টকর হলেও সত্যি যে টেস্ট খেলার কোন যোগ্যতা বাংলাদেশের নেই, আর তাদের টেস্ট খেলা উচিতও না।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্টে তৃতীয় দিনেই বাংলাদেশ ইনিংস ও ২৬১ রানে শোচনীয় ভাবে পরাস্ত হয়। লর্ডসে বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৮ রানে অল আউট হয়। ৩৭ টেস্টে বাংলাদেশের এটা ছিল ৩২তম পরাজয়।
টাইমের কলামে ওয়ার্ন বলেন, বাংলাদেশের জন্য আমি কোন উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাচ্ছিনা। এছাড়া ভবিষ্যতে একটি ভালো দল হিসেবে তাদের গড়ে তোলার জন্য কোন উপদেশও খুঁজে পাচ্ছিনা।
এত কিছুর পরও ওয়ার্ন কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ খেলার পক্ষেই মত দিয়েছেন। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে টেস্ট ক্রিকেটের ব্যাস্তসূচী থেকে বাদ দেয়া উচিত বলে অসি এই লেগি মন্তব্য করেন।
তবে বাংলাদেশ প্রতিবেশী দেশ বিশেষ করে ভারতের প্রথম শ্রেনীর ক্রিকেটে অংশ নিতে পারে বলে জানান ওয়ার্ন। এছাড়া বংলাদেশ বিভিন্ন দেশের এ টিম নিয়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করতে পারে।
কলামে ওয়ার্ন বাংলাদেশের ভবিষ্যত সাফল্যের ব্যাপারে লিখেছেন, বাংলাদেশ সফল হলে আমার বিশ্বাস তাদের আগামী দিনের ক্রিকেটারদের জন্য তা হবে খুবই উৎসাহব্যঞ্জক।
