সূচনাতেই হোঁচট খেল শেখ রাসেল ক্রীড়া চক্র
বড় দল ব্রাদার্সের সূচনাটা ভালো হলেও প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই পঁচা শামুকে পা কাটল শেখ রাসেল ক্রীড়া চক্রের। রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফরাশগঞ্জের কাছে এক গোলে হেরে গেছে গত বারের রানার আপ শেখ রাসেল ক্রীড়া চক্র।
৪৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ফরাশগঞ্জের নাইজেরিয়ান রিক্রুট ফেলিক্স।
আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে শুরু থেকেই ম্যাচ জমে উঠেছিল। দ্বিতীয়ার্ধে দশ জনের দলে পরিনত হওয়ার আগে শেখ রাসেল একের পর এক আক্রমন চালিয়ে ব্যাতিব্যস্ত করে তুলেছিল ফরাশগঞ্জের রক্ষনভাগকে। কিন্তু এর একটিকেও কাজে লাগাতে পারেনি তারা।
১৮ মিনিটে শেখ রাসেলের স্ট্রাইকার হানিফের একটি আক্রমন রুখে দেন ফরাশগঞ্জের গোলরক্ষক জিয়া। অন্যদিকে প্রথমার্ধের ইনজুরি সময়ে ফেলিক্সের একটি আচমকা শট গোলবার উঁচিয়ে মাঠের বাইরে চলে গেলে বেঁচে যায় শেখ রাসেল।
দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় ফরাশগঞ্জ (১-০)। বাঁ দিক থেকে ফেলিক্স শেখ রাসেলের বক্সের মধ্যে বল ফেলেন। ওয়ালিদ বলে মাথা ছোঁয়াতে পারলেও শেখ রাসেলের ইউসুফ আলী খান ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ঠেকালে রেফারী এহসানুল হক পেনাল্টির বাঁশি বাজান। রেফারী ইউসুফকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করলে দশ জনের দলে পরিনত হয় শেখ রাসেল।
ফরাশগঞ্জের গোলমুখে শেখ রাসেলের তানভীর একটি বল ফেললেও অধিনায়ক ইগির ও স্ট্রাইকার হানিফ প্রধান তাতে পা ছোঁয়াতে ব্যর্থ হলে আরেকটি সহজ সুযোগ হাতছাড়া হয় তাদের। গোল হজম করে মরিয়া হয়ে আক্রমন চালালেও সমতা ফেরাতে পারেনি শেখ রাসেল।
৮৩ মিনিটে ফরাশগঞ্জের বক্সের ভিতর থেকে নেয়া ইগিরের ফ্রিকিকটি গোলবারের ইঞ্চিখানেক দরত্ব দিয়ে বাইরে চলে গেলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
