ম্যাচের নিয়ন্ত্রণ উন্ডিজের হাতে, চন্দরপলের ১৪তম সেঞ্চুরি
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শিবনারায়ণ চন্দরপল সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ১৪তম সেঞ্চুরি পূর্ণ করেছেন। তিনি এখন অপেক্ষা করছেন প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচ জয় করার।
৩০ বছর বয়সি চন্দরপল দ্বিতীয় ইনিংসে ১৬৩ রান করে অপরাজিত থাকেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম সেঞ্চুরি করেন।
শনিবার কেনসিংটন ওভাল মাঠে পাকিস্তান চার উইকেটে ১১৩ রান করার পর আলোর সল্পতার কারণে ম্যাচ ওই দিনের মত বন্দ থাকে।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই পাকিস্তান চাপের মধ্যে পড়ে। পাকিস্তান দলীয় ১৬ রানের মাথায় তিনটি উইকেট হারায়। বৃষ্টির কারণে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।
খেলা শুরু হওয়ার অল্পক্ষণের মধ্যেই পাকিস্তানি ব্যাটসম্যান বাজিদ খানও প্যাভিলিয়ানে ফিরে যান। তিনি ২৩ রান করেন। কিন্তু বামহাতী অসিম কামাল ৩৮ রান করে মাটি আঁকড়ে থাকেন। আফ্রিদি ৩২ রান নিয়ে ক্রিজে আছেন। পঞ্চম উইকেট জুটিতে আফ্রিদি এবং অসিম কামাল ৬৬ রান যোগ করেন।
ইনিংসের শুরুতে ফিডেল এডওয়ার্ডের প্রথম ওভারের তৃতীয় বলে পাকিস্তানি ব্যাটসম্যান সালমান বাটের ব্যাটের কানায় লেগে বল নিচু হয়ে ক্রিস গেইলের দিকে আসা মাত্র তিনি দর্শণীয়ভাবে ক্যাচ লুফে নেন।
দুই ওভার পরেই পাকিস্তানি দলপতি ইউনুস খান রান আউটের শিকার হন। দলপতি ইউনুস খানকে রান আউট করেন আরেক দলপতি শিবনারায়ণ চন্দরপল।
ইয়াসির হামিদকে খেলার সময় কখনই আত্মবিশ্বাসী মনে হচ্ছিল না এবং তিন ওভার পরেই তিনি ব্যক্তিগত ১১ রানের মাথায় পাওয়েলের বলে ব্রাউনের হাতে ক্যাচ তুলে দেন।
বাজিদ খান ক্রিজে আসার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়। পুনরায় খেলা শুরু হওয়ার পর বাজিত খান করি কলিমোরের শিকারে পরিণত হন। তিনি ২৩ রান করেন। পাকিস্তানের স্কোর দাঁড়ায় চার উইকেটে ৪৭ রান।
তবে আফ্রিদি এবং কামাল ধীর গতিতে হলেও স্কোর বোর্ড সচল রেখেছেন।
আগের দ্বিতীয় ইনিংসে চন্দরপল পাকিস্তানি স্পিনার কানেরিয়ার ওভারে দুই রান নিয়ে ১৫০ রানের মাইল ফলক স্পর্শ করেন।
চন্দরপল প্রায় ছয় ঘন্টা ক্রিজে থেকে ১০টি চার এবং দুইটি ছক্কার সাহায্যে উক্ত রান সংগ্রহ করেন।
ওয়েস্ট ইন্ডিজ চার উইকেট ১৬৮ রান নিয়ে খেলতে নামে। কানেরিয়া হাইন্ডসের শট রিটার্ন ক্যাচ নিতে ব্যর্থ হন। হাউন্ডস লাইফ পেয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তবে কানেরিয়াই লাঞ্চের আগে তাকে প্যাভিলিয়ানে পাঠিয়ে দেন। হাইন্ডস অধিনায়ক চন্দরপলের সাথে পঞ্চম উইকেটে জুটি বেঁধে ১৩৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
অপরাহ্ণে ওয়েস্ট ইন্ডিজের বাকি পাঁচ উইকেটের পতন ঘটায় পাকিস্তান।
পাওয়েলও অধিনায়ক চন্দরপলের সাথে জুটি বেঁধে স্কোরে ৩৩ রান যোগ করেন। পাওয়েলকে নাভেদ উল হাসান রানা আউট করেন।
সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে ৩ জুন কিংস্টনের সাবিনা পার্কে।
