২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবলে ব্রাদার্সের শুভ সূচনা

বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে শুভ সূচনা করেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবার লিগের উদ্বোধনী খেলায় ব্রাদার্স ২-১ গোলে প্রিমিয়ারের নবাগত দল দিপালী যুব সংঘকে হারিয়ে লিগ অভিযান শুরু করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

খেলার প্রথমার্ধেই দুই গোলে ব্রাদার্স এগিয়ে গেলেও এদিন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি তারা। পুরো ম্যাচেই তারা আগোছালো খেলা প্রদর্শন করে। এমনকি প্রতিপক্ষের গোলরক্ষককে কয়েকবার একা পেয়েও গোলের সুযোগ নষ্ট করেছে ব্রাদার্সের স্ট্রাইকাররা।

সেই তুলনায় নবাগত দিপালীর খেলা ছিল বেশ গোছানো। শুধুমাত্র দক্ষ ফিনিশারের অভাবে তারা লক্ষ্যভেদ করতে সক্ষম হয়নি। সাত মিনিটে প্রথম ব্রাদার্স সীমানায় হানা দেয় দিপালী। তাদের জাপানী রিক্রুট ইউতাকা বাঁ দিকে সুন্দর ক্রস করলেও তাদের কোন খেলোয়াড়ই ব্রাদার্সের জালে বল ফেলতে পারেননি। ১৯ মিনিটে আবার আক্রমন চালায় দিপালী। এবার স্ট্রাইকার রুবেল একেবারে গোরসীমানর কাছ থেকে শট নিলেও ব্রাদার্সের গোলরক্ষক তারেক ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে সেযাত্রা দলকে বাঁচিয়ে দেন।

২৫ মিনিটে ব্রাদার্সকে নিঃশ্বাস নেয়ার সুযোগ করে দেন স্ট্রাইকার খোকন। ডান দিক থেকে উড়ে আসা পারভেজ বাবুর ক্রস করা বলে প্রতিপক্ষের গোলরক্ষকের একেবারে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন খোকন (১-০)। ৩২ মিনিটে ব্রাদার্সের রাশিয়ান রিক্রুট ভিক্টর দলের গোল সংখ্যা বৃদ্ধি করেন (২-০)। এবার বাঁ দিক থেকে বল বাড়িয়ে দিয়েছিলেন আবুল।

দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে ভিক্টর দিপালীর গোল রক্ষক টিটুকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। তিন মিনিট পর খোকন টিটুকে পরাস্ত করতে পারলেও বল বারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলে ব্রাদার্সের শেষ সুযোগটি নষ্ট হয়ে যায়। উল্টো ইনজুরি সময়ে দিপালীর তাজুল ইসলাম দলের পক্ষে একটি গোল পরিশোধ করেন।

এর আগে পানি সম্পদ মন্ত্রী মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ লিগের উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম, উপ সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু এবং ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সম্পাদক মোজাম্মেল হক মুক্তা উপস্থিত ছিলেন।