লর্ডস টেস্টে বাংলাদেশের আরেকটি ইনিংস পরাজয়
লর্ডসে বাংলাদেশ পরাজয়ের সেই পরিচিত পথেই হাটলো। অর্থাৎ ইনিংস পরাজয়। পরাজয়ের ব্যবধানটা এবারও বেশ বড়, এক ইনিংস এবং ২৬১ রান। তবে প্রথম ইনিংসের চাইতে দ্বিতীয় ইনিংসে উইকেট রক্ষক খালেদ মাসুদের ছোট অথচ লড়াকু ইনিংস এবং টেল এণ্ডার পেসার আনোয়ার হোসেন মনিরের কার্যকর সহায়তায় পরাজয়ের ব্যবধান কিছুটা কমেছে।
তিন দিনে ম্যাচ শেষ হওয়ার যে ধারনা করা হয়েছিল তার চাইতে কম সময়ে, আড়াই দিনে লর্ডস টেস্টের পর্দা নেমে গেল। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের স্কোর দাঁড়ায় সবকটি উইকেটের বিনিময়ে ১৫৯।
দ্বিতীয় দিন পাঁচ উইকেটে ৯০ রান নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। কিন্তু তৃতীয় দিন সকালেই দুই ইংলিশ পেসার ম্যাথু হগার্ড এবং স্টিভ হার্মিসন প্রথম দুই ওভারে মাত্র চার বলের ব্যবধানে তিনটি উইকেট ভাগাভাগি করে তুলে নিলে বাংলাদেশের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
তবে বিপদের বন্ধু খালেদ মাসুদ পেসার আনোয়ারকে সাথে নিয়ে প্রতিরোধের দুর্গম পথে হাটা শুরু করেন। অষ্টম উইকেট জুঁটিতে তারা দু’জনে মুল্যবান ৫৮ রান যোগ করেন। খালেদ ৪৪ এবং মনির ১৩ রান করেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা ইনিংস পরাজয়ের নবম বড় ঘটনা। আর ইংল্যান্ডের পক্ষে এই জয় দ্বিতীয় বড় জয়। এনিয়ে ১৭ টেস্টে ১৩টিতে জয় পেল মাইকেল ভনের দল।
প্রথম ইনিংসে ১০৮ রানে অল আউট হওয়ার পর সফরকারীরা ইংলিশদের ব্যাটিংয়ের ওপর কোন প্রভাবই ফেলতে পারেনি। বাংলাদেশী বোলারদের বেধড়ক পিটিয়ে ইংলিশরা তিন উইকেটে ৫২৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। উপরন্তু তারা টাইগারদের দ্বিতীয় ইনিংসের পাঁচটি উইকেটও তুলে নেয়।
শনিবার তৃতীয় দিনের শুরুতেই, সকালের ষষ্ঠ বলে আঘাত হানেন হগার্ড। ৩২ রান করে আফতাব এলবিডব্লিউর ফাঁদে পড়েন। এরপর অষ্টম ও নবম বলে রফিক এবং মাশরাফির উইকেট তুলে নেন হার্মিসন। রফিক অফস্ট্যাম্পের বল ফ্ল্যাশ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন আর নীচু হওয়া বলে মাশরাফির লেগ স্ট্যাম্প উপড়ে যায়।
মাঠে নেমেই এলবিডব্লিউয়ের শিকার হন আনোয়ার। তবে আম্পায়ার হরিহরণ তাতে ব্যাটের ছোয়া দেখতে পেয়েছেন বিধায় হ্যাট্রিক থেকে বঞ্চিত হন হার্মিসন। এরপরই খালেদ আর আনোয়ারের যেন দেশের মান বাঁচানোর লড়াই। এদের দুই জনের ব্যাটিং দেখে ফ্রন্ট লাইনার ব্যাটসম্যানরা বুঝি লজ্জাই পেয়েছেন।
বিশেষ করে সাবেক অধিনায়ক খালেদ এমন তিনটি কাভার ড্রাইভ হাঁকিয়েছেন পুরো ম্যাচে বাংলাদেশের টপ অর্ডারের কাছ থেকে এই ধরনের শট দেখা যায়নি।
হগার্ড ও হার্মিসনের পাশাপাশি আরেক পেসার সাইমন জোন্সও উইকেট শিকারে মেতে উঠেছিলেন। জোন্স ২৯ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট।
১৯৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কারটি বগলদাবা করেন ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিক।
