লর্ডসে ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রান করে ৫ টি উইকেট হারিয়ে লর্ডসের মাটিতে আবারো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। ৩৩০ রানে পিছিয়ে থেকে রোববার টাইগাররা ইনিংস পরাজয় এড়াতে লড়বে। অন্যদিকে ট্রেসকোথিক এবং মাইকেল ভন উভয়ের শত রানের উপর ভর করে মাত্র ৩ উইকেটে ৫২৮ রান করে ইংল্যান্ড তাদের ইনিংস ঘোষনা করে।
লর্ডসে আবারো বাংলাদেশ তাদের ব্যাটিং দৈন্যতা প্রকাশ করলো। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ক্রিজে টিকতে না পারা বাংলাদেশ সমর্থকদের হতাশ করে। দ্বিতীয় দিন শেষে আফতাব ২৬ এবং খালেদ মাসুদ ৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন। ৬ষ্ঠ উইকেট জুটিতে তারা ৩৩ রান করেন।
জাভেদ ওমর এবং নাফিস ইকবাল বাংলাদেশের ব্যাটিং সূচনা করে। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। দলীয় মাত্র ১৫ রানে ওপেনিং ব্যাটসম্যান নাফিস ইকবাল (৩) হগার্ডের বলে ফ্লিনটফের হাতে তালুবন্দি হন। এরপর হাবিবুল বাশার এবং জাভেদ ওমর খেলার হাল ধরার চেষ্টা করলেও দলীয় ৪৭ রানে হাবিবুল বাশার জোনসের বলে হগার্ডের হাতে ধরা পড়েন। হাবিবুলের ব্যক্তিগত সংগ্রহ ১৬। এরপর ধারাবিহকভাবে বাংলাদেশের তিনটি উইকেট পড়ে। দলীয় ৫৭ রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর ব্যক্তিগত ২৫ রানে জোনসের বলে থর্পের হাতে ক্যাচবন্দি হন । এর পরের ওভারেই আশরাফুল ব্যক্তিগত ২ রানে ফ্লিনটফের বলে হার্মিনসনের হাতে ক্যাচ তুলে দেন । দলীয় ৬৫ রানে ফ্লিনটফের বলে জোনসের হাতে ক্যাচবিন্দ হন মুশফিকুর রহিম। ইংল্যান্ডর পক্ষে ফ্লিনটভ এবং জোনস ২ টি করে এবং হগার্ড একটি উইকেট নেন।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ট্রেসকোথিক এবং মাইকেল ভন উভয়ের শত রানে মাত্র ৩ উইকেটে ৫২৮ রান করে ইংল্যান্ড তাদের ইনিংস ঘোষনা করে। ট্রেসকোথিক ১৯৪ এবং ভন ১২০ করেন। ট্রেসকোথিক ২৩ টি চারের মারসহ মোট ১৯৪ রান করে মোহাম্মদ রফিকের বলে খালেদ মাসুদের হাতে তালুবন্দি হন। অন্যদিকে মাইকেল ভনও ১৫ টি চারের মারে মোট ১২০ রান করে মাশরাফি মর্তুজার বলে ঐ খালেদ মাসুদের হাতেই ক্যাচবিন্দ হন।
মাশরাফি এবং রফিক ছাড়া বাংলাদেশের কোন ব্যাটসম্যানই স্বাগতিকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। মাশরাফি ২ টি এবং রফিক ১ টি উইকেট লাভ করেন।
ইংল্যান্ডের দুই ওপেনার মার্কাস ট্রেসকোথিক এবং অ্যান্ড্রু স্ট্রস দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। উদ্বোধনী জুটিতে তারা দু’জনে ১৪৮ রান তোলেন। স্ট্রস ৬৯ রান করে পেসার মাশরাফি মতুর্জার বলে এলবিডব্লিউয়ের শিকার হন।
ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই দুই ওপেনার বাংলাদেশী বোলাদের হতাশায় ডুবিয়ে দিয়ে একের পর এক বল বাউন্ডারি ছাড়া করেছেন। অভিষিক্ত পেসার শাহাদতকে পরপর চারটি চার মেরে নিজের হাফ সেঞ্চুরি পূরন করেন স্ট্রস। তবে একবার রফিকের বলে স্লিপে অধিনায়ক হাবিবুল বাশার ক্যাচ ছেড়ে দিলে বেঁচে যান স্ট্রস।
এর আগে ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ১০৮ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়।
