লারার অবদানে উইন্ডিজের সংগ্রহ ৩৪৫
প্রিন্স অফ ত্রিনিদাদ ব্রায়ান লারার ২৯তম দর্শনীয় সেঞ্চুরির উপর ভর করে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ দল প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৩৪৫ রান।
৩৭ বছর বয়সি লারা ইনিংসে সর্বোচ্চ ১৩০ রান করেন। কিন্তু তার পরেও ওয়েস্ট ইন্ডিজ সবক’টি উইকেট উক্ত রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিং করতে নেমে সফরকারী পাকিস্তান চার ওভারে করেছে কোন উইকেট না হারিয়ে করেছে ২২ রান।
লারা আবারও প্রমাণ করলেন তিনিই দলের সেরা খেলোয়ার। তিনি বেশ কিছু চমৎকার স্ট্রোক খেলেন এবং তিনি প্রায় পৌনে তিন ঘন্টা ক্রিজে থেকে ১২০ বল মোকাবেলা করে ১৩০ রান করেন, যার মধ্যে ১৪টি চার এবং চারটি ছক্কা ছিল।
লারা ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শিবনারায়ণ চন্দরপলের সাথে চতুর্থ উইকেট জুটিতে ১৬৯ রান যোগ করেন। প্রথম ইনিংসে লারা-চন্দরপল জুটিই পাকিস্তানের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।
ক্যারিবিয়ান অধিনায়ক চন্দরপল আট রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। তিনি চার ঘন্টা ক্রিজে থেকে ১৯৩ বল মোকাবেলা করে ৯২ রান করেন, যার মধ্যে নয়টি চার ছিল।
পাকিস্তানি বোলারদের মধ্যে আব্দুল রাজ্জাক, সাব্বির আহাম্মেদ এবং দানেশ কানেরিয়া তিনটি করে উইকেট তুলে নেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
৪৫ রানে তিন উইকেট হারানোর লারা এবং চন্দরপল দলের হাল ধরেন।
কিন্তু চা বিরতির আধ-ঘন্টা আগেই এই জুটিতে ভাঙ্গন ধরে।
লারা কানেরিয়ার এক ওভারে পরপর দু’টি ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন।
কিন্তু লারার কাছে বেধড়ক পিটুনি খেয়েও হাল ছাড়েননি পাকিস্তানি স্পিনার কানেরিয়া। তার বলেই লারা বোল্ড হন।
সর্বশেষ এই টেস্ট সেঞ্চুরির বদৌলতে লারা নয়টি টেস্ট খেলুড়ে দলের সেঞ্চুরি পূর্ণ করলেন এবং রাহুল দ্রাবিড়, গেরি ক্রিসটেন, শচীন টেন্ডুলকার এবং স্টিভ ওয়াহর সাথে একই তালিকায় অন্তর্ভূক্ত হলেন।
ক্যারিবিয়ান ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন সাব্বির। তিনি ক্রিস গেইলকে এবং রামনরেশ সারওয়ানকে দ্রুত প্যাভিলিয়ানে ফেরত পাঠান।
পাকিস্তানি ফিল্ডার বাজিদ খান দ্বিতীয় স্লিপে নাভেদ উল হাসান রানার বলে ক্যাচ মিস না করলে ডোভেন স্মিথ ব্যক্তিগত নয় রানের মাথায় আউট হতেন।
তবে স্মিথ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তিনি রাজ্জাকের বলে ব্যক্তিগত ১৯ রানের মাথায় প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন তিনি।
লারা সেঞ্চুরি পূর্ণ করার পর আফ্রিদির বল মারতে গিয়ে ব্যক্তিগত ১০৩ রানের মাথায় প্রথম স্লিপে দাঁড়ানো ইয়াসির হামিদের হাতে ক্যাচ তুলে দেন। কিন্তু হামিদ তা কাজে লাগাতে ব্যর্থ হন।
ওয়েবেল হাইন্ডস রান আউট হওয়ার আগে চন্দরপলের সাথে জুটি বেঁধে পঞ্চম উইকেটে ৪৯ রান যোগ করেন।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ দল নিজ দেশে অনুষ্ঠিত টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিগত ১৮টি টেস্ট ম্যাচে মাত্র একটিতে জয় লাভ করে।
