স্ক্যানডেক্স উন্মুক্ত টেনিসের যাত্রা শুরু
বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার থেকে জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে স্ক্যানডেক্স বাংলাদেশ উন্মুক্ত টেনিস টুর্নামেন্ট।
ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ক্যানডেক্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ফরিদ আহমেদ পাটোয়ারী। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল হক, টুর্নামেন্ট কমিটির পরিচালক মোহাম্মদ সামিউর রাজ্জাক প্রমুখ।
ছয়টি জেলা এবং বিকেএসপির ১২৭ জন খেলোয়াড় পাঁচদিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ইভেন্টগুলো হচ্ছে- পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত, বালক (অনুর্ধ্ব ১৪) একক, বালিকা (অনুর্ধ্ব ১৪) একক, এবং বালক (অনুর্ধ্ব ১২) একক।
বৃহস্পতিবার টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হলেও খেলা শুরু হবে শুক্রবার থেকে।
