বৃহস্পতিবার লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড অসম লড়াই
লর্ডসে কাল (বৃহস্পতিবার) টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয় দল ইংল্যান্ড এবং তলানীর দল বাংলাদেশ এক অসম লড়াইয়ে অবতীর্ন হচ্ছে। ইংল্যান্ডের জন্য এই টেস্ট অ্যাশেজ সিরিজের আগে নিজেদের ঝালাই করে নেয়ার লড়াই অন্যদিকে বাংলাদেশের জন্য তা টেস্টে নিজেদের প্রমান করার লড়াই।
টেস্ট ক্রিকেটে দ্বিতীয় স্থানের দল ইংল্যান্ড এবং কিছুদিন আগে দুর্বল জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ নেয়া বাংলাদেশের এই লড়াইয়ে কোন অঘটন অবশ্য কেউ আশা করছেনা।
তবে দু’টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যে পারফরম্যান্স তাতে করে বৃটিশ মিডিয়া কিছুটা হলেও নড়েচড়ে বসেছে। বিশেষ করে বৃটিশ মিডিয়ার স্পট লাইটটা একটু বেশি ঝুঁকে আছে তরুন উইকেট কিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিমের উপর।
অন্যদিকে ইংলিশ পেসার স্টিভ হার্মিসন দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নয় উইকেট শিকার করে এখন বাংলাদেশকে ধ্বসিয়ে দেয়ার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে কোন রকম দয়া দাক্ষিণ্য দেখাতে রাজি নন এই পেসার।
মঙ্গলবার হার্মিসনের কথাতেই এই আগ্রাসনের ভাব ফুটে উঠেছে। “ টেস্ট ম্যাচ বলে কথা, দু’টি টেস্টেই আমাদের সর্বশক্তি নিয়োগ করেত হবে। লর্ডসে প্রতিপক্ষ বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়া যেই হোক না কেন কাউকে হালকা ভাবে নিলে ভুল হবে। এখানে প্রতিপক্ষ গৌন।”
২০০৩-০৪ সালে বাংলাদেশ সফরে নয় উইকেট নেয়া হার্মিসন বলেন, “ এসময়ে ইংল্যান্ডে যে আবহাওয়া তাতে করে এখানে খেলাটা একটু কঠিনই কিন্তু তারপরও আশা করছি বল হাতে আমরা প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে সক্ষম হব।”
এদিকে হিপ ইনজুরির কারনে বাঁ হাতি স্পিনার অ্যাশলি জাইলসের লর্ডসে খেলা নিয়ে সংশয় তৈরী হয়েছে। সেক্ষেত্রে গ্যারেথ বেটি দলে ঢুকে পড়তে পারেন। এছাড়া গ্লুচেস্টাশায়ারের পেসার জোনাথন লুইসেরও লর্ডসে টেস্ট অভিষেক হতে পারে।
অন্যদিকে লর্ডসে টেস্ট খেলার মধ্য দিয়ে অন্যরকম এক অভিজ্ঞতার স্বাদ নিতে যাচ্ছে বাংলাদেশ। পেসার মাশরাফি বিন মতুর্জা ও শাহাদত হোসেন রাজিব এবং টেস্ট অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের মত খেলোয়াড় দলে থাকা সত্ত্বেও কোন অঘটন আশা করছেনা টাইগাররা।
সাসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এক ইনিংস ও ২২৬ রানে পরাজয়ে দলের মনোবল কিছুটা ধাক্কা খেলেও দলের অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াটমোর এই পরাজয়কে একইসাথে দেখছেন উপরে উঠার টনিক হিসেবে। “ র্যাংকিংয়ের নীচের দিকের একটি দলকে উপরে টেনে তোলা অবশ্যই উত্তেজনার একটা ব্যাপার।”
হোয়াটমোর বলেন, আমরা মাঝে কিছু ভালো ক্রিকেট খেলেছি। এটাকে এখন বহুদুর টেনে নিয়ে যেতে হবে।”
লর্ডসই বাংলাদেশকে উদ্দিপনা যোগাতে পারে। ‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের দুই একজন ক্রিকেটারের কাছ থেকে ভালো কিছু আশা করা যেতেই পারে। আর সাথে তো রয়েছে ক্রিকেটপাগল প্রবাসী বাংলাদেশী দর্শকের সমর্থন।
