২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশদের ঝাঁকুনি দিতে তৈরী পেসার শাহাদত

যখন ছোট ছিলেন তখন বোলিংয়ে তার স্বপ্নের নায়ক ছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। আর এখন ইংলিশ পেসার স্টিভ হার্মিসনকেই বেশি অনুসরন করেন। বাংলাদেশ ক্রিকেট দলের টিনএজ পেসার শাহাদত হোসেন রাজিবের নিজের মুখের কথা এটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

যদি লর্ডসে টেস্ট অভিষেক হয়েই যায় তাহলে ইংলিশ পেসার স্টিভ হার্মিসনের সাথে একটা অঘোষিত প্রতিযোগিতায় নামার স্বপ্নও রয়েছে শাহাদতের। “সে (হার্মিসন) আমার ফেবারিট বোলার” এই কথাটিও ১৮ বছরের এই তরুনের মুখ থেকে বের হয়েছে। ফেবারিট বোলারের বিরুদ্ধে খেলা যেকোন বোলারের জন্যই স্বপ্নের মতই।

প্রিয় বোলারের সম্পর্কে শাহাদতের মুখ থেকে শুধুই প্রশংসা ঝড়ে পড়েছে। “ ইংল্যান্ড যখন বাংলাদেশে এসেছিল (দুই বছর আগে) তখনই ওর সাথে সাক্ষাত হয়েছিল। ওকে খুব কাছ থেকে দেখেছি। ওর বোলিং ভঙ্গিটাই আমার পছন্দ।”

ইংল্যান্ড সফরে এপর্যন্ত দু’টি ম্যাচ খেলেছেন শাহাদত। প্রথম ম্যাচে বৃটিশ ইউনিভার্সিটি দলের বিরুদ্ধে ৩৩ রান দিয়ে তিন উইকেট নিলেও সাসেক্সের বিরুদ্ধে থেকে যান উইকেট শুন্য।

সতীর্থ মাশরাফি ও তাপস অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও সুযোগ পেলে গতির মাধ্যমে ইংলিশ ব্যাটসম্যানদের ভিত কাঁপিয়ে দিতে চান তরুন এই পেসার।

গতির ব্যাপারে তার মন্তব্য শুনুন, “আমি জোরে বল করতেই পছন্দ করি। এ পর্যন্ত বহু ব্যাটসম্যানদের হেলমেট ভেঙ্গেছি, আমার বলের আঘাতে কয়েকজন আহত হয়ে মাঠও ছেড়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ম্যথু সিনক্লেয়ারের বুড়ো আঙ্গুল ভেঙ্গেছে আমার বলেই।”

“আমি বাংলাদেশের সেরা পেসার হতে চাই, সেই সাথে বিশ্বের সেরা ফাস্ট বোলাদের তালিকায় নিজের নামটা যোগ করতে চাই।” এই ধরনের অদম্য ইচ্ছে থাকলে যেকোন কিছুই জয় করা সম্ভব। এখন দেখা যাক ইংল্যান্ডে শাহাদতের স্বপ্নপূরণ হয় কিনা। আমরা কিন্তু বলব ‘জয়তু শাহাদত’।