উন্মুক্ত ফিদে দাবায় রাজিব চ্যাম্পিয়ন
আন্তর্জাতিক মাষ্টার এনামুল হক রাজিব উন্মুক্ত ফিদে দাবা টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছেন।
মঙ্গলবার দাবা ফেডারেশনের হল রুমে প্রতিযোগিতার শেষ দিন নবম রাউন্ডে মুক্তিযোদ্ধার রাজিব রিফাত বিন সাত্তারের সাথে ড্র করে আট পয়েন্ট অর্জন করেন।
সমসংখ্যক ম্যাচে বিমানের আইএম আবদুল্লাহ আল রাকিব আট পয়েন্ট অর্জন করলেও প্রোগ্রেসিভ স্কোরে রাজিবের পেছনে পড়েন রাকিব। রাকিব অপরাজিত রানার আপ হয়েছেন।
সাড়ে সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে অভিযান শেষ করেছেন আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার। এর আগে গ্রান্ড মাষ্টার খেতাবের জন্য তিনটি নর্ম অর্জন করেন রিফাত। গ্রান্ড মাষ্টার খেতাবের প্রাথমিক ২৫০০ রেটিং-এ পৌঁছতে এ টুর্নামেন্ট থেকে রিফাতের প্রয়োজন ছিল সাত রেটিং পয়েন্ট কিন্তু তিনি তার অর্জিত রেটিং পয়েন্ট থেকে আরও এক পয়েন্ট হারিয়েছেন।
রিফাতের সমান পয়েন্ট পেয়ে ফিদে মাষ্টার রেজাউল হক চতুর্থ হয়েছেন।
