এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে জর্ডানের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা ত্যাগ
আল ফয়সালি ক্লাবের বিরুদ্ধে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে সোমবার জর্ডানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে ১৭ সদস্যের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
জর্ডানগামী দলের ১৪ খেলোয়াড়ের সাথে দু’জন কর্মকর্তা- ক্লাবের ফুটবল সম্পাদক আতাউর রহমান, ফুটবল ম্যানেজার আব্দুস সাত্তার এবং কোচ শফিকুল ইসলাম মানিকও রয়েছেন।
ইতিমধ্যে দ্বিতীয় পর্বে জায়গা করে নেয়া আল ফয়সালি দলের বিরুদ্ধে ২৫ মে আম্মানে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা।
নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ কলকাতার ইস্ট বেঙ্গলের সাথে গোলশুন্য ড্র করলেও এমাসের মাঝামাঝিতে হোম ম্যাচে কলকাতার দলটির বিরুদ্ধে এক গোলে হেরে যায়। এছাড়া স্বাধীনতা দিবস ফুটবল চ্যাম্পিয়নরা নেবিচি এফসি দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এক গোলে জয় পেলেও হোম ম্যাচে ১-২ গোলে হার মানে।
