সোমবার বিকেএসপিতে বাংলাদেশ এ দলের ট্রায়াল ম্যাচ
প্রাথমিকভাবে নির্বাচিত বাংলাদেশ এ ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে ট্রায়াল ম্যাচ সোমবার বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।
খেলোয়াড়রা বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তে রোববার বিকেএসপিতে কোচ শন উইলিয়ামসের কাছে রিপোর্ট করে।
খেলোয়াড়রা ‘লাল’ এবং ‘সবুজ’ দুই দলে বিভক্ত হয়ে সোমবার একটি ওয়ানডে এবং পরে একটি তিনদিনের ম্যাচ খেলবে। ৩০ মে আরেকটি ওয়ানডে এবং পরে একটি তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের ট্রায়াল ম্যাচের পরফরম্যান্সের ওপর ভিত্তি করেই ইংল্যান্ড সফরের জন্য ৭ জুন চুড়ান্ত দল ঘোষনা করবে নির্বাচক কমিটি।
জুলাই থেকে আগষ্ট পর্যন্ত ইংল্যান্ড সফরে বাংলাদেশ এ দল পাঁচটি তিনদিনের ম্যাচ এবং দু’টি ওয়ানডে ম্যাচ খেলবে।
প্রথম ওয়ানডে এবং তিনদিনের ট্রায়াল ম্যাচের খেলোয়াড়রা হলেন:
লাল দল: গোলাম রহমান, নাসিরউদ্দিন ফারুক, অলোক কাপালী (অধিনায়ক), ফরহাদ রেজা, মাঞ্জারুল ইসলাম রানা, হাসানুজ্জামান, ধীমান ঘোষ, আলমগীর কবির, গাজী আলমগীর, মোশাররফ হোসেন, শাহীন হোসেন (উইকেটরক্ষক) এবং ডলার মাহমুদ।
সবুজ দল: তুষার ইমরান (অধিনায়ক), নাঈম ইসলাম, সাকিব আল হাসান, নাজিমুদ্দিন, ফয়সাল হোসেন, মুশফিকুর রহমান, আব্দুর রাজ্জাক, তারেক আজিজ, শাফাক আল জাবির, সগীর হোসেন পাভেল, মোহাম্মদ শাহাজাদা এবং নাবিল সামাদ।
দ্বিতীয় ওয়ানডে এবং তিনদিনের ম্যাচে লাল দল থেকে বাদ যাবেন মঞ্জুরুল ইসলাম রানা এবং ডলার মাহমুদ। তাদের বদলে দলে ঢুকবেন ইমরান আহমেদ এবং নাবিল সামাদ। দ্বিতীয় রাউন্ডে সবুজ দলের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহমান। নিয়মিত অধিনায়ক তুষার ইমরান ইংল্যান্ড সফররত জাতীয় দলে যোগ দেবেন। সবুজ দলে খেলবেন শামসুর রহমান এবং ডলার মাহমুদ।
