১ম বিভাগ ফুটবল লিগে মহাখালী একাদশকে দশ হাজার টাকা জরিমানা
প্রথম বিভাগ ফুটবল লিগে রেফারীর সাথে অশোভন আচরনের ঘটনায় মহাখালী একাদশকে দশ হাজার টাকা জরিমানা এবং বিআরটিসির খেলায়াড় আলীফ শেখকে এক ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। শনিবার প্রথম বিভাগ ফুটবল লিগ ডিসিপ্লিনারি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার বিআরটিসি এবং ধানমন্ডি ক্লাবের মধ্যেকার ম্যাচে রেফারীর সাথে অশোভন আচরনের অপরাধে বিআরটিসির প্রশিক্ষক মোহাম্মদ আলী আসগরকে কঠোরভাবে সর্তক করা হয়।
মহাখালী একাদশ এবং রহমতগঞ্জ এমএফএস’র মধ্যেকার খেলার শেষমূহুর্তে মহাখালীর ম্যানেজার তোফাজ্জল হোসেন রাজু রেফারীদের সাথে অশোভন আচরন করায় লিগ কমিটি মহাখালী একাদশকে জরিমানা করে। অন্যদিকে ধানমন্ডি ক্লাবের ও বিআরটিসির খেলায় খেলোয়াড় আলীফ শেখ সহকারী রেফারীর সাথে অশোভন আচরন করায় তাকে পরবর্তী এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
