নিজ দেশে খেললে রোনাল্ডো হয়তো বিচ্ছেদের যন্ত্রনা ভুলতে পারবেন: পেরেইরা
বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিলের কোচ আলবার্তো পেরেইরা গত মাস থেকে অনুষ্ঠেয় কনফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রোনাল্ডোকে ব্রাজিল দলে অন্তর্ভূক্ত করেছেন। তিনি মনে করেন দেশের জন্য খেললে রোনাল্ডো ব্যক্তিগত সমস্যা ভুলে যাবেন।
গত সপ্তাহে রোনাল্ডোর সাথে প্রেমিকা দানিয়েলা সাকারেল্লির সম্পর্ক ভেঙ্গে যায়। তিন মাস আগে প্যারিসের বাইরে এক প্রাসাদে তারা বাগদান সম্পন্ন করেছিলেন।
পেরেইরা রিপোটারদের বলেন, “এ ধরনের ঘটনায় যে কোনও মানুষ হতাশ হতে পারে। তিনি এক মাসের বেশি সময় জাতীয় দলের সঙ্গে থেকে বিশ্ব কাপ বাছাইপর্বের খেলা এবং কনফেডারেশন কাপে অংশগ্রহণ করবেন। এটা করলে তার জন্য ভাল। এটা তাকে দুঃখ ভুলতে সহায়তা করবে।”
গত মাসে রিয়াল মাদ্রিদের ফুটবলার রোনাল্ড জানান, ইউরোপিয়ান মৌসুম শেষ হওয়ার পর তিনি কমপক্ষে চার সপ্তাহ ছুটিতে থাকতে চান।
রোনাল্ডোকে দেশের মাটিতে বিশ্ব কাপ বাছাই পর্বের খেলায় দলে নেয়া হয়েছে। খেলাটি হবে ৫ জুন প্যারাগুয়ের বিরুদ্ধে এবং তিন দিন পর ব্রাজিল খেলবে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে।
পেরেইরা আরও বলেন, “প্যারাগুয়ের বিরুদ্ধে খেলা ব্রাজিলের জন্য সব সময়ই দুষ্কর এবং দলটি অভিজ্ঞ।”
১০-জাতি দক্ষিণ আমেরিকা গ্রুপের বিশ্ব কাপ বাছাই পর্বে ব্রাজিল ১৩ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং চার পয়েন্ট পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা।
শীর্ষ চারটি দল ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্ব কাপের চূড়ান্ত পর্বে খেলবে।
