মহিলা হ্যান্ডবল লিগের যাত্রা শুরু
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্টে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিববত মহিলা হ্যান্ডবল লিগ। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে এই লিগ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে উষা ক্রীড়া চক্র ২৪-১১ গোলে হারায় বিক্রমপুর স্পোর্টিং ক্লাবকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-৫ গোলে এগিয়ে ছিল। উষা ক্রীড়া চক্রের জাহানারা আট এবং বুলু সাত গোল করেন।
দিনের অপর ম্যাচে ঢাকা মেরিনার ইয়ং’স ক্লাব ২৫-৫ গোলে ভিকারুন্নিসাকে হারায়। মেরিনারের শাহিদা সাত গোল করেন। শেষ ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ১৬-৪ গোলে স্কলাস্টিকাকে পরাজিত করে।
এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ লিগের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কোহিনুর কেমিক্যাল কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজিজ মাওলা, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মাহতাবউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, লিগ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।
