ওয়ানডেতে বৈচিত্র্য আনতে যাচ্ছে আইসিসি
ওয়ানডে ক্রিকেটে নতুনত্ব এবং বৈচিত্র্য আনতে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে আইসিসি ক্রিকেট কমিটি। এ ব্যাপারে কমিটি একটি প্রস্তাবনা তৈরি করেছে।
খসড়া প্রস্তাবনায় একটি দলে ১১ জনের পরিবর্তে ১২ জন খেলোয়াড় এবং ২২ গজের মধ্যে ফিল্ডিংয়ের বাধ্যবাধকতা ১৫ ওভার থেকে বাড়িয়ে ২০ ওভার করাসহ আরও কিছু বিষয় অর্ন্তভুক্ত রয়েছে।
প্রস্তাব সর্ম্পকে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সুনীল গাভাস্কার বলেন, ২০ ওভার ফিল্ডিংয়ের বাধ্যবাধকতার মধ্যে প্রথম ১০ ওভার বাধ্যতামুলক আর শেষ ১০ ওভার ফিল্ডিং অধিনায়কের ইচ্ছের ওপর নির্ভর করবে। প্রস্তাবে সবচে’ বড় বিষয় হচ্ছে দলের খেলোয়াড় সংখ্যা ১২ তে উন্নীত করা। মাঠে ১১জনই খেলবে তবে অধিনায়ক যদি কোন খেলোয়াড়ের ওপর সন্তুষ্ট হতে না পারেন তাহলে তিনি দ্বাদশ খেলোয়াড় মাঠে নামাতে পারবেন।
এই দ্বাদশ খেলোয়াড় উইকেট রক্ষক, ব্যাটম্যান, বোলার যে কেউ হতে পারেন।
ব্যাটসম্যান যদি খুব মন্থর গতিতে ব্যাটিং করে তবে তাকে পরিবর্তন করা যেতে পারে। নতুন ব্যাটসম্যান নতুন করে ব্যাটিং শুরু করবেন এবং আগের ব্যাটসম্যান তার ব্যক্তিগত সংগ্রহ নিয়ে অবসর নেবেন।
সেরকরমভাবে কোনও বোলারকে পরিবর্তন করা হলে মাঠে নামার ৫ ওভার পর সে বল করতে পারবে।
টিভি আম্পায়ার
ক্রিকেট কমিটি টেলিভিশন আম্পায়েরর ব্যাপারেও বেশ কিছু প্রস্তাব দিয়েছে। আগে মাত্র কয়েকটি ব্যাপারে টেলিভিশন আম্পায়রা সিদ্ধান্ত দিতে পারতেন। কিন্তু এখন থেকে তারা সকল সিদ্ধান্তই দিতে পারবেন। অর্থাৎ মাঠের আম্পায়ার এলবিডব্লিউ, ক্যাচ, ব্যাটপ্যাড ক্যাচসহ সকল আউট টেলিভিশন আম্পায়ারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত দিতে পারবেন।
সুনীল গাভাস্কার বলেন, পরীক্ষা নিরীক্ষার পর যদি কার্যকারিতা প্রমাণ হয় তাহলে ফিল্ড আম্পায়রা স্ট্যাম্পের সাথে সংযুক্ত ইয়ারফোন ব্যাবহার করতে পারবেন।
নিরপেক্ষ আম্পায়ার
নিরপেক্ষ আম্পায়ারের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড ওয়ান ডে ম্যাচে দুজন আম্পায়ারের ব্যাপারেই নিরপেক্ষ আম্পায়ারের প্রস্তাব দেয়। কিন্তু আইসিসি বর্তমান ফরমেটকেই ( একজন স্বাগতিক এবং একজন এলিট প্যানেলের নিরপেক্ষ আম্পায়ার) বহাল রাখতে চাচ্ছে।
এই প্রস্তাবগুলো লণ্ডনের লর্ডসে অনুষ্ঠিতব্য আইসিসি’র চিফ এক্সিকিউটিভ কমিটির বৈঠকে অনুমোদনের জন্য পাঠানো হবে।
