২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ফুটবলের শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর ব্রার্দাস ইউনিয়ন

কয়েকমাস আগে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা নিজেদের ঘরে নিয়ে গেছে ব্রার্দাস ইউনিয়ন। এবার তাদের শ্যেন দৃষ্টি প্রিমিয়ার ফুটবলের শিরোপার ওপর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ফুটবল পরাশক্তি আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অন্যান্য দলগুলোর জন্য হুমকি হয়েই ব্রার্দাসের আর্বিভাব হয়েছিল। কিন্তু ২০০২ সাল পর্যন্ত লিগ শিরোপা তাদের অধরাই রয়ে গিয়েছিল। ১৯৭৮ এবং ১৯৮৫ এই দু’বছর তাদের লিগ রানার আপের পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

গত ২০০৩-০৪ মৌসুমের লিগ শিরোপা ঘরে তোলার মধ্য দিয়ে বহুদিনের শিরোপা বন্ধ্যাত্ব ঘোঁচায় গোপীবাগের দলটি। জয়ের এই ধারা এবছরও অব্যাহত রাখতে বদ্ধ পরিকর ক্লাবটির সবাই। লক্ষ্য একটাই প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা।

গত বছর ফেডারেশন কাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় বহু অর্থ ব্যয়ে গড়া তারকা খচিত ব্রার্দাস ইউনিয়ন। তবে গেল মৌসুমের লিগ, জাতীয় এবং ওয়ানডে ফুটবলের শিরোপা ঘরে তুলে দারুনভাবে ঘুরে দাঁড়ায় কমলা রং জার্সীধারীরা। এবছর ইতিমধ্যে ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন এবং স্বাধীনতা দিবস ফুটবলে রানার আপ হওয়ার মধ্য দিয়ে শিরোপার ক্ষুধাটা জিইয়ে রেখেছে তারা।

ব্রার্দাসের কোচ ওয়াজেদ গাজী এবারের লিগের প্রতিটা ম্যাচকে দেখছেন একেকটি ফাইনাল হিসেবে। কোন দলকেই হালকাভাবে দেখতে রাজি নন গাজী। “শিরোপার জন্য আমরা এবার প্রথম থেকেই সিরিয়াস” প্রচন্ড আত্মবিশ্বাস ঝড়ে পড়ে কোচের কন্ঠ থেকে। আত্মবিশ্বাসের সুরটা ধরে রেখেই সফল এই কোচ বলেন,“লিগে আবাহনী, মোহামেডান, ব্রার্দাস, মুক্তিযোদ্ধা ও ছোট দলগুলো কেউ কাউকেই ছাড় দেবেনা।”

মৌসুমের দু’টি শিরোপা লড়াইয়ে ১০টি ম্যাচে এবার তাদের পরাজয় মাত্র একটি ম্যাচে তাও সেটা স্বাধীনতা দিবস ফুটবল ফাইনালে। তবে ফেডারেশন কাপে শেখ রাসেলের বিরুদ্ধে একটি ড্রও রয়েছে তাদের।

জাতীয় দলের সাবেক লেফট উইংগার ওয়াজেদ গাজী জানালেন, দলে কোন ইনজুরি নেই। তবে কিরঘিজস্তান সফরের ফলে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত থাকলেও প্রিমিয়ার লড়াইয়ের জন্য তার ছেলেরা সম্পূর্ন ফিট রয়েছে। খেলোয়াড়রা আপাতত স্ট্রেচিং, রানিং এবং পাসিং-এর মধ্য দিয়ে সময় কাটাচ্ছে।

১৯৮৭ সালে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা গাজী বলেন, “যেহেতু তিনজন করে বিদেশি খেলোয়াড় যোগ করার ফলে একটি দলের চেহারা পাল্টে যেতে পারে সেহেতু আগে থেকেই কোন দল সর্ম্পকে ধারনা করা সম্ভব নয়।” ব্রার্দাস অবশ্য তাদের রাশিয়ান গোল মেশিন ভিক্টর এডোয়ার্ডের সাথে আরেকজন মরোক্কান স্ট্রাইকার যোগ করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে।

বর্তমানে আবহাওয়ার যে অবস্থা তাতে করে প্রিমিয়ারের বেশিরভাগ ম্যাচই হয়ত ভেজা মাঠে খেলতে হবে আর এক্ষেত্রে খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার আশংকাও বেড়ে যাবে। এ অবস্থায় সেরা দল গঠন করা একটু কঠিন হয়ে যাবে বলে মনে করেন ব্রার্দাস কোচ। তবে তাদের রির্জাভ বেঞ্চে একঝাঁক উদীয়মান খেলোয়াড় থাকায় কোচ বেশ নির্ভার।

রির্জাভ বেঞ্চ এবং মূল একাদশের খেলোয়াড়দের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। গোলরক্ষক তারিকের বদলী হিসেবে আলী এবং রফিক আর শক্তিশালী ডিফেন্সের জন্য দেশসেরা পরীক্ষিত জুয়েল রানা, মাসুদ রানা ও মোহাম্মদ সুজনের পরিবর্তে রির্জাভ বেঞ্চে রয়েছেন শুভ্র, জাহাঙ্গীর, লিটন খান এবং শাহেদের মত লড়াকু কয়েকজন সেনা।

ফুটবল মাঠের পাওয়ার হাউস মিডফিল্ডে নিয়মিত মরোক্কান হিশাম ইনানী, আবুল ও প্রানতোষের জায়গায় ভালই সার্ভিস দেয়ার ক্ষমতা রাখেন লিটন ও রিক্ত। দুই উইংয়ে রয়েছেন পারভেজ বাবু এবং সিরাজী। আর পুরো লিগ জুড়ে স্ট্রাইকারের দায়িত্ব ভাগাভাগি করে নেবেন রাশিয়ান এডোয়ার্ড, মরোক্কান আদিল, খোকন, তপু এবং এমিলি।

জাতীয় দলের সাবেক ফুটবলার ওয়াজেদ গাজী বলেন, “ লিগের প্রতিটা ম্যাচে তিনজন করে বিদেশি খেলোয়াড় নামানোর অনুমতি দেয়ার কারনে দলগুলো স্বাভাবিকভাবে বিদেশি ফরোয়ার্ডদের পেছনেই ছুটবে আর এতে করে পুরো লিগ জুড়ে প্রায় ১৮ থেকে ২০ জন দেশি ফরোয়ার্ডকে সাইড লাইনে বসে থাকতে হবে।”