বিদ্রোহী ক্লাবগুলোর সাথে বাফুফের সমঝোতা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিনজন বিদেশী খেলোয়াড় মাঠে নামানোর সিদ্ধান্তের বিরোধিতাকারী ফুটবল ক্লাবগুলো অবশেষে নিজেদের পূর্বের অবস্থান থেকে সরে এসেছে।
সোমবার প্রিমিয়ার ডিভিশনের দশ ক্লাব প্রতিনিধির সাথে দুইঘন্টাব্যাপী এক বৈঠকে বিদ্রোহী ক্লাবগুলো বাফুফের সিদ্ধান্ত মেনে নেয়ায় সকল জটিলতার অবসান হলো। ফেডারেশনের সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ক্লাব প্রতিনিধিরা বিদেশী খেলোয়াড়দের ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে বাফুফের সিদ্ধান্ত মেনে নিয়েছে।
হেলাল সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাংখিত পরিস্থিতি এড়াতে ফেডারেশন বাই লজ তৈরী করবে।
বৈঠকে বাফুফে সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুর রহিম, উপ সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু, সহসাধারন সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এবং আনোয়ার হোসেন উজ্জ্বল উপস্থিত ছিলেন।
প্রিমিয়ার লিগের বড় দল আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের আবেদনের প্রেক্ষিতে ফুটবল ফেডারেশন একম্যাচে তিনজন করে বিদেশী খেলোয়াড় মাঠে নামানোর অনুমতি দেয়ায় সঙ্কটের সৃষ্টি হয়। ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ব্রাদার্স ইউনিয়ন, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব এ ব্যাপারে ফিফা অথবা এএফসির কাছে অভিযোগ করার হুমকি দিয়েছিল।
