প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধনী দিনে মাঠে নামছে চ্যাম্পিয়ন ব্রাদার্স
প্রিমিয়ার ফুটবলের প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০ মে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চ্যাম্পিয়নরা লড়বে দিপালী যুব সংঘের বিরুদ্ধে।
রানার আপ শেখ রাসেল ক্রীড়া চক্র ২২ মে তাদের প্রথম খেলায় মুখোমুখি হবে ফরাশগঞ্জের এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২১ মে খেলবে ঢাকা ওয়ান্ডরার্সের বিরুদ্ধে। এছাড়া আবাহনী লিমিটেড ২৩ মে প্রথম ম্যাচ খেলবে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবের বিরুদ্ধে ও মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে ২৪ মে আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে।
রির্টান লিগ পদ্ধতির টুর্নামেন্টে দশটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং দিপালী যুব সংঘ।
