বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড দল ঘোষণা
লর্ডসে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের ইংল্যান্ড দল ঘোষণা করা হয়েছে। দলে নতুন মুখ দু’জন- ব্যাটসম্যান ইয়ান বেল এবং পেসার জন লুইস। তবে বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা কেভিন পিটারসনের জায়গা হয়নি টেস্ট স্কোয়াডে।
ওয়ারউইকশায়ার ব্যাটসম্যান ইয়ান বেল গত বছর ওয়েস্ট উইণ্ডিজের বিরুদ্ধে ডেব্যু টেস্টে ৭০ রান করেছিলেন। এই মৌসুমে কাউন্টিতে ৮০ দশমিক ৩৩ গড়ে বেলের সংগ্রহ ৪৮২ রান।
ইয়ান বেলকে দলে নেয়া প্রসঙ্গে প্রধান ইংলিশ নির্বাচক ডেভিড গ্রাভেনি বলেন, ‘ইয়ানের দলে ঢোকার ফলে রবার্ট কি’র খেলা অনিশ্চিত হয়ে গেল, যা খুবই দুর্ভাগ্যজনক। পিটারসনকে মিডল অর্ডারে বিবেচনা করা হয়েছিল। কিন্তু নির্বাচকরা শেষ পর্যন্ত অভিজ্ঞ গ্রাহাম থর্পের উপরই আস্থা রেখেছেন।
গ্রাহাম থর্প দীর্ঘদিন ধরে পিঠের ব্যাথায় ভুগলেও ২৬ মে লর্ডসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন নির্বাচকরা। তবে গ্রাভেনি ইঙ্গিত দিয়ে বলেছেন, দল ঘোষিত হলেও চূড়ান্ত দল গঠনের ক্ষমতাটা রয়ে গেছে দলের কোচ ডানকান ফ্লেচার এবং অধিনায়ক মাইকেল ভনের হাতে আর সেটা হতে পারে ম্যাচ শুরুর একেবারে আগ মূহুর্তে।
অ্যাংকেল ইনজুরিতে আক্রান্ত অল রাউণ্ডার অ্যান্ড্রু ফ্লিনটফকেও দলে রাখা হয়েছে। তবে তিনি টেস্টে বোলিং করতে পারবেন কি না সেটা নির্ভর করছে দলের মেডিকেল অফিসার পিটার গ্রেগরীর সিদ্ধান্তের ওপর।
দলে ডাক পাওয়া নতুন পেসার জন লুইস চলতি মৌসুমে কাউন্টিতে গ্লুচেস্টারশায়ারের হয়ে শিকার করেছেন ৪৮৯ উইকেট। লুইসের ব্যাপারে গ্রাভেনির মন্তব্য হচ্ছে,‘ গ্লুচেস্টারশায়ারের হয়ে এবারের পারফরম্যান্সই তার দলে জায়গা করে নেয়ার জন্য যথেষ্ট ছিল। তবে টেস্টে তার খেলার ব্যাপারটি নির্ভর করছে ফ্লেচার এবং ভনের উপর।’
ইংল্যান্ড দল : মাইকেল ভন (অধিনায়ক), ইয়ান বেল, মার্কাস ট্রেসকোথিক, অ্যান্ড্রু স্ট্রস, গ্রাহাম থর্প, গ্যারিয়ান্ট জোন্স (উইকেটরক্ষক), অ্যান্ড্রু ফ্লিনটফ, অ্যাশলে জাইলস, ম্যথু হগার্ড, স্টিভ হার্মিসন, জন লুইস এবং সাইমন জোন্স।
