১৬মে ফিফা প্রধান ব্লাটার বাংলাদেশে আসতে পারেন
একদিনের শুভেচ্ছা সফরে আগামী ১৬ মে ফিফা প্রেসিডেন্ট জোসেফ সেপ ব্লাটার বাংলাদেশে আসতে পারেন।
বৃহস্পতিবার ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির এক সভা শেষে ফেডারেশন সভাপতি এসএ সুলতান এমপি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল উপস্থিত ছিলেন।
বাফুফে সভাপতি বলেন, “আমরা ফিফার কাছ থেকে ব্লাটারের সফরের ব্যাপারে গত রাতে নিশ্চিত হয়েছি, তবে ফ্লাইট শিডিউলের কারণে সফর ১২ মে এগিয়ে আনা হতে পারে।”
ফিফা বসের বাংলাদেশে আসার কারন হিসেবে এসএ সুলতান বলেন, “বিএফএফ ভবন উদ্বোধনের সময় ব্লাটারের বাংলাদেশে আসার কথা থাকলেও ব্যস্ত কর্মসূচী ও স্বাস্থ্যগত কারনে তিনি তখন আসতে পারেননি। এখন দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে ব্লাটার বাংলাদেশে আসছেন।” তবে ব্লাটারের সফরসঙ্গীদের ব্যাপারে বাফুফে সভাপতি কিছুই জানাননি।
সেপ ব্লাটার হচ্ছেন ফিফার দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি বাংলাদেশ সফর করবেন। এর আগে ১৯৮৩ সালে পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে বাংলাদেশে এসেছিলেন সাবেক ফিফা প্রেসিডেন্ট জোয়াও হ্যাভালাঞ্জ। ব্লাটারের ১৩ মে নেপাল এবং ১৫ মে ভুটান সফরের কথা রয়েছে।
বাফুফে’র সাথে বৈঠকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জুলাইতে মায়ানমারে চার জাতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এই টুর্নামেন্টে অপর তিনটি দল হচ্ছে ভারত, শ্রীলংকা এবং স্বাগতিক মায়ানমার।
বৈঠকে ফেডারেশনের বিভিন্ন টুর্নামেন্টের শিডিউলও চুড়ান্ত করা হয়। শিডিউল অনুযায়ী নিটল টাটা জাতীয় ফুটবল লীগ মাঠে গড়াবে আগস্টের শেষ সপ্তাহে। এছাড়া সেপ্টেম্বরে জেএফএ অনুর্ধ্ব ১৬ এবং নভেম্বরে সোহরাওয়ার্দী কাপ অনুর্ধ্ব ১৯ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
বাফুফে সাধারণ সম্পাদক হেলাল জানান, এ বছর শের-ই-বাংলা ফুটবলের পরিবর্তে সোহরাওয়ার্দী কাপ ফুটবল অনুষ্ঠিত হবে। আর শের-ই-বাংলা ফুটবল আগামী বছর অনুষ্ঠিত হবে। এ বছর থেকে এই দুটি টুর্নামেন্ট নিয়মিত হবে বলে জানান হেলাল।
বৈঠকে বাফুফে’র ফান্ড গঠনের জন্য কনসার্ট আয়োজনের সিদ্ধান্তও গৃহিত হয়। এ ব্যাপারে এস এ সুলতান বলেন, “আমরা ইন্ডিয়ান আইডল খ্যাত অভিজিত সাওয়ান্ত, রাহুল বৈদ্য ও প্রযুক্তা শুক্লাকে নিয়ে কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাওয়ার পরই আমরা প্রক্রিয়া শুরু করেছি।”
বাফুফে সভাপতি জানান, কনসার্ট আয়োজন করার জন্য অন্তর শোবিজের সাথে একটি চুক্তিও করতে যাচ্ছে ফেডারেশন। অনুষ্ঠানটির স্পনসরশীপ বাবদ অন্তর শোবিজ বাফুফেকে আশি লাখ টাকা দেবে।
