২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে এশিয়া ও মধ্যপ্রাচ্য ব্রীজ প্রতিযোগিতা

বাংলাদেশ ব্রীজ ফেডারেশন এবং এশিয়া ও মধ্যপ্রাচ্য ব্রীজ ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে শুরু হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড ১৩তম এশিয়া ও মধ্যপ্রাচ্য আঞ্চলিক ব্রীজ প্রতিযোগিতা ২০০৫।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ছয়টি আঞ্চলিক দল- পাকিস্তান, ভারত, শ্রীলংকা, জর্ডান, ফিলিস্তিন এবং স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্টের তিনটি ইভেন্টে অংশগ্রহন করবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। অন্যদিকে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রী শামসুল ইসলাম।   

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্রীজ ফেডারেশনের (বিবিএফ) সম্পাদক মাহফুজুর রশিদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বিবিএফ সভাপতি আল আমিন চৌধুরী, পৃষ্ঠপোষক সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, ওয়ার্ল্ড ব্রীজ ফেডারেশনের রুলস এন্ড রেগুলেশন বিভাগের প্রধান টন আও ইজমান, এশিয়া ও মধ্যপ্রাচ্য ব্রীজ ফেডারেশনের সম্পাদক আজওয়ারুল হক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের তিনটি উন্মুক্ত ইভেন্ট হচ্ছে- উন্মুক্ত বা বারমুডা বউল, মহিলাদের ভেনিস কাপ এবং সিনিয়র বউল। প্রতিটি ইভেন্ট থেকে দু’টি করে দল ২২ অক্টোবর পর্তুগালে বিশ্ব ব্রীজ চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনের সুযোগ পাবে।

সংবাদ সম্মেলনে মাহফুজুর রশিদ জানান, শ্রীলংকার মহিলা দল এবং বাহরাইনের পুরুষ দল টুর্নামেন্টে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করলেও মঙ্গলবার তাদের অপারগতার কথা জানিয়ে দিয়েছে।

টুর্নামেন্টের পুরুষদের ইভেন্টে অংশগ্রহনকারী বাংলাদেশ এবং পাকিস্তান ইতিমধ্যে পর্তুগালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া ফ্রেন্ডশীপ ইভেন্টে যেকেউ নির্ধারিত এন্ট্রি ফি প্রদান করে খেলতে পারবে।

টুর্নামেন্টের মোট বাজেটের মধ্যে পৃষ্ঠপোষক সাউথ ইস্ট ব্যাংক ১০ লাখ টাকা প্রদান করবে  এবং এন্ট্রি ফি থেকে ছয় লক্ষ টাকা আয় হবে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ দল :

পুরুষ দল-  এটিএম মোয়াজ্জেম হোসেন, বিগ্রেডিয়ার (অব) এম আজিজুল হক, মোহাম্মদ জহিরুল হক, নাঈমুল হাসান তপু, সালাউদ্দিন এবং সাঈদ আহমেদ রবি।

মহিলা দল-  সালমা করিম, মিসেস সাফিনাজ ভাই, নার্গিস রহমান, মিসেস কাইয়ূম, মিসেস আমেনা ইস্পাহানী/ অঞ্জু ঘোষ এবং সুরাইয়া রহমান।