২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চায় মোহামেডান

ফেডারেশন কাপে সোমবার চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর সাথে বড় পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা ভুলে সামনে এগিয়ে যাওয়ার অশাবাদ ব্যক্ত করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুই ফুটবল কোচ। এ লক্ষ্যে সেমিফাইনাল লড়াইয়ের জন্য খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছেন কোচরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মোহামেডানের ফুটবল কোচ সাইফুল বারী টিটু ও পনির মঙ্গলবার জানান, আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সেমিফাইনালের আগে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করে তোলা। আমরা খেলোয়াড়দের পেছনের কথা ভুলে সেমিফাইনালের জন্য প্রস্তুত হতে বলেছি।

গতমাসে কোরিয়ান কোচ ম্যান ইয়ং ক্যাংকে বরখাস্তের পর দলের দায়িত্ব তুলে নেয়া টিুট বলেন, আমি খেলোয়াড়দেরকে নিজ নিজ দক্ষতার প্রমাণ দিতে বলেছি।

সোমবার ফেডারেশন কাপের মর্যাদার লড়াইয়ে আবাহনী ৫- ১ গোলে হারায় মোহামেডানকে।

ম্যাচে পরাজয়ের কারণ হিসেবে টিটু তৃতীয় গোলটিকেই টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, এই গোলটির পরই মোহামেডান খেলোয়াড়রা ম্যাচ ছেড়ে দেয়, তবে দলের এমন লজ্জাজনক পরাজয়ের জন্য কেউ প্রস্তুত ছিলনা।

অন্যদিকে দলের এমন পরাজয়ে হতাশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক পনির মঙ্গলবার মেয়েকে স্কুলে দিয়ে আসা ছাড়া বাসা থেকে বেরই হননি।

তবে দলের পরাজয়ের জন্য উভয় কোচই প্রত্যক্ষভাবে গোলরক্ষক বিপ্লবকে দায়ি করে বলেন, গোলরক্ষক থেকে শুরু করে ফরোয়ার্ডরা সবাই বাজে খেলেছে।

টিটু বলেন, বিপ্লবের বড় ম্যাচ খেলার মত টেম্পারমেন্টের অভাব রয়েছে ঠিকই কিন্তু আমাদের হাতে আর কোন বিকল্প নেই।

মোহামেডানের এই বড় পরাজয়ের আরেকটি কারণ হিসেবে টিটু বলেন, আরামবাগ ও ওয়ান্ডরার্সের মধ্যেকার ম্যাচটি আবাহনীকে নির্ভার করে দিয়েছিল তাছাড়া তারা গোলের জন্য প্রচণ্ডভাবে ক্ষুধার্ত ছিল।