২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মর্যাদার লড়াইয়ে জয় নিয়ে সেমিফাইনালে আবাহনী

টান টান উত্তেজনা আর বৈরি আবহাওয়ার মধ্য দিয়ে শুরু হওয়া চির প্রতিদ্বন্দ্বি আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে ফেডারেশন কাপের গ্রুপ বি’র শেষ খেলায় জয় পেল আবাহনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 10:31 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সোমবার তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫-১ গোলের বড় ব্যাবধানে পরাজিত করে। এর আগে মোহামেডান আবাহনীর কাছে এত বড় পরাজয়ের শিকার হয়নি।

এ জয়ের ফলে ধানমণ্ডির এই ক্লাবটি গ্রুপ বি’র চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। অন্যদিকে মোহামেডান এর আগের দু’ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল।

কিন্তু সোমবারের খেলায় প্রিয় দল মোহামেডানে বড় পরাজয়ে সমর্থকরা হতাশ হয়ে ঘরে ফেরে। এর আগে ১৯৭৪ সালে মোহামেডান দিলকুশার বিরুদ্ধে একই ব্যাবধানে পরাজিত হয়েছিল।

প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল। প্রথম থেকেই আবাহনী তাদের ওপর চাপ সৃষ্টি করতে সমর্থ হয়। তাদের খেলার ছন্দে মোহামেডান তালগোল পাকিয়ে ফেলে।

খেলা শুরুর দুই মিনিটের মাথায় জাহেদের গোলে এগিয়ে যায় আবাহনী। জাহেদের ক্রস মোহামেডানের মিডফিল্ডার আরমান আজিজির পয়ে লেগে জালে জড়িয়ে যায়। গোলের আনন্দে ভাসতে থাকে আবাহনী শিবির।

২৬ মিনিটে উজ্জ্বল আবাহনীর পক্ষে আরও একটি গোল করে দলকে এগিয়ে নেন। ফরহাদের বাড়িয়ে দেয়া বল মোহামেডান ডিফেণ্ডারকে কাটিয়ে গোল করেন তিনি।

৩৪ মিনিটে মোহামেডানের উগাণ্ডার রিক্রুট ডলি ১ টি গোল পরিশোধ করেন। জাহিদের ক্রস থেকে বল পেয়ে সাইড ভলি করে আবাহনীর গোলরক্ষককে বোকা বানিয়ে ডলি বল জালে জড়িয়ে দেন।

খেলার দ্বিতীয়ার্ধে আবাহনীর টিপু গোল সংখ্যা ৩-এ উন্নীত করতে সমর্থ হন। গোল বারের খুব কাছ থেকে বল পেয়ে তিনি বল জালে প্রবেশ করান। এরপর থেকে আবাহনী ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের আয়ত্ত্বে নিয়ে নেয়। তৃতীয় গোলের ১২ মিনিট পর কিয়াক মোহামেডানের তিনজন ডিফেণ্ডারকে কাটিয়ে বল জালে ঠেলে দেন (৪-১)। খেলার অন্তিম বাঁশি বাজার দু’ মিনিট আগে দলের পক্ষে পঞ্চম ও শেষ গোলটি করেন উজ্জ্বল। খেলা শেষে মোহামেডান সমর্থকরা টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে দিনের প্রথম খেলায় আরামবাগ ২-০ গোলে ঢাকা ওয়াণ্ডারার্সকে পরাজিত করে। বিজয়ী দলের ইমু ও রিদন দলের পক্ষে গোল দুটি করেন।