২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের সর্বোচ্চ স্কোরারের জায়গা হলোনা ইংল্যান্ডগামী দলে

সদ্য সমাপ্ত ইস্পাহানী ৬ষ্ঠ জাতীয় ক্রিকেট লিগের দশ ম্যাচের ১৭ ইনিংসে ৫১ দশমিক ৫৬ গড়ে ৮২৫ রান করেছেন গোলাম রহমান হিমেল। কিন্তু তারপরও ইংল্যান্ডগামী জাতীয় দলে জায়গা হয়নি এই সিলেটি তরুনের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুরো লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো হিমেল দেশের একমাত্র প্রথম শ্রেনীর টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরিরও মালিক হয়েছেন।

অন্যদিকে ১৯ ইনিংসে ৭৫৮ রান নিয়ে সর্বোচ্চ স্কোরারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ফরহাদ রেজা। দশ ম্যাচে তিনটি ফিফটিসহ ৩৪০ রান করে ওয়ানডেতেও সমানভাবে সফল এই ব্যাটসম্যান। দুঃখজনক হলেও সত্যি, ফরহাদেরও জায়গা হয়নি জাতীয় দলে।

চারদিনের ম্যাচে বোলারদের তালিকায় শীর্ষস্থানটি দখল করে আছেন আলমগীর কবির। নয় ম্যাচে তার শিকারসংখ্যা ৪৫। দশ ম্যাচে ৩৭ উইকেট নিয়ে তার পরেই অবস্থান করছেন নাবিল সামাদ।

জাতীয় লিগের সীমিত ওভারের নয়টি ম্যাচে ১৭ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন জাতীয় দল থেকে দুই বাদ পড়া বোলার মঞ্জুরুল ইসলাম এবং হাসিবুল হোসেন।

লিগে চারদিনের ম্যাচে এবার ৩৮টি শতক হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা। আর ওয়ানডেতে সেঞ্চুরি হয়েছে মাত্র দু’টি।